কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার যত বাড়ছে, ততই বাড়ছে এর পেছনে প্রয়োজনীয় বিদ্যুৎ ও পানির চাহিদা। বিশেষ করে এআই পরিচালনার জন্য নির্মিত ডেটা সেন্টারগুলো পরিবেশের ওপর নতুন চাপ সৃষ্টি করছে। প্রযুক্তির এই বিস্তারের ফলে জলবায়ু সংকট আরও জটিল হচ্ছে কি না, তা নিয়ে এবার আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা হতে যাচ্ছে।
সোমবার তুরস্কের আনতালিয়ায় শুরু হচ্ছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১। এবারের আয়োজনে এআই প্রযুক্তির পরিবেশগত প্রভাব বিশেষ গুরুত্ব পাচ্ছে। সম্মেলন সামনে রেখে এ বিষয়ে একটি স্বেচ্ছামূলক উদ্যোগ নেওয়া হয়েছে, যার নাম ‘আনতালিয়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্লেজ’। দেশ ও বিভিন্ন প্রতিষ্ঠান এতে অংশ নিতে পারবে।
উদ্যোগটির মাধ্যমে এআই ব্যবহারে বিদ্যুৎ ও পানির চাহিদা নিয়ন্ত্রণ, ডেটা সেন্টারের জ্বালানি ব্যবস্থাপনা এবং পরিবেশের ক্ষতি কমানোর বিষয়ে সচেতনতা ও নীতিগত পদক্ষেপ উৎসাহিত করা হবে।
তুরস্কের জলবায়ুবিষয়ক মন্ত্রী মুরাত কুরুমের মতে, এআইয়ের জ্বালানি চাহিদা নিয়ে নীতিনির্ধারকদের স্পষ্ট অবস্থান নেওয়া জরুরি। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বিদ্যুৎ ব্যবহারের হিসাব প্রকাশ এবং পরিচ্ছন্ন জ্বালানির ওপর নির্ভরতা বাড়ানোর প্রয়োজন রয়েছে।
ওয়ার্ল্ড রিসোর্সেস ইনস্টিটিউটের প্রধান ডেটা ও এআই কর্মকর্তা ইভান টাচোভস্কি মনে করেন, প্রযুক্তির উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষার বিষয়টিও নিশ্চিত করতে হবে। তাঁর মতে, ডেটা সেন্টারে নবায়নযোগ্য বিদ্যুৎ ব্যবহার, পানি ও জ্বালানি ব্যয়ের হিসাব প্রকাশ এবং প্রয়োজনীয় বিদ্যুৎ অবকাঠামো তৈরির খরচ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বহন করা উচিত। এসব প্রকল্পের পরিকল্পনায় স্থানীয় জনগণের মতামত নেওয়ার বিষয়টিও গুরুত্বপূর্ণ।
এআই ছাড়াও সম্মেলনে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো, নবায়নযোগ্য বিদ্যুতের প্রসার, মিথেন নিঃসরণ নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং জলবায়ু সহনশীল শহর নির্মাণ নিয়ে আলোচনা হবে। ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক জ্বালানি চাহিদার ৩৫ শতাংশ বিদ্যুতের মাধ্যমে পূরণের লক্ষ্য সামনে রেখে কাজ করার বিষয়টিও গুরুত্ব পাবে। ২০২৪ সালে এ হার ছিল ২০ শতাংশের কিছু বেশি।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য অর্থ সংগ্রহ এবং ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার ব্যবস্থাও সম্মেলনের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। কলাম্বিয়া ক্লাইমেট স্কুলের ডিন অ্যালেক্সিস আব্রামসন মনে করেন, আগের সম্মেলনগুলোতে নেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন নিশ্চিত করাই এবার বড় চ্যালেঞ্জ।
এদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের কোনো আনুষ্ঠানিক প্রতিনিধি দল এবারের সম্মেলনে অংশ নিচ্ছে না। তবে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যের গভর্নর, মেয়র, বিজ্ঞানী ও পরিবেশকর্মীরা উপস্থিত থাকবেন। স্থানীয় পর্যায়ে জলবায়ু মোকাবিলায় যুক্তরাষ্ট্রের উদ্যোগগুলো তুলে ধরতে শতাধিক নেতা সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে।
জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (ইউএনইপি) সতর্ক করেছে, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির হার প্যারিস চুক্তির নির্ধারিত ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস সীমা ছাড়িয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। তবে তাপমাত্রা বৃদ্ধির মাত্রা ও সময়কাল সীমিত রাখার সুযোগ এখনো রয়েছে বলে মনে করছে সংস্থাটি।
বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। পাশাপাশি মিথেন ও নাইট্রাস অক্সাইডের ঘনত্বও সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। শিল্পায়নসহ মানুষের বিভিন্ন কর্মকাণ্ড থেকে নির্গত এসব গ্যাস বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির অন্যতম কারণ।
তবে সৌর ও বায়ুশক্তিসহ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং বিভিন্ন দেশের নিঃসরণ কমানোর উদ্যোগকে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছে জাতিসংঘ। ইউএনইপির নির্বাহী পরিচালক ইঙ্গার অ্যান্ডারসেনের ভাষ্য, জলবায়ু সংকট মোকাবিলায় কার্যকর নীতি গ্রহণের পাশাপাশি দ্রুত সেগুলো বাস্তবায়ন করতে হবে।
বিশেষজ্ঞদের মতে, কপ৩১-এর অর্জন কেবল সম্মেলনে গৃহীত সিদ্ধান্তের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বিভিন্ন দেশের প্রতিনিধি, বিজ্ঞানী ও ব্যবসায়ীদের পারস্পরিক আলোচনা এবং নতুন সহযোগিতার উদ্যোগও জলবায়ু মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।