২০২৭ সালে বাংলাদেশ থেকে ৮৩ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন। ২০২৬ সালের তুলনায় আগামী বছর বাংলাদেশের হজযাত্রীর কোটা ৫ হাজার বাড়িয়েছে সৌদি আরব।
সৌদি আরবের জেদ্দায় গতকাল বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে ২০২৭ সালের হজচুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষরের পর ধর্মমন্ত্রী জানান, বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে সৌদি আরব আগামী বছরের জন্য হজযাত্রীর কোটা বাড়িয়েছে। বাংলাদেশের হজ ব্যবস্থাপনার অগ্রগতি নিয়েও দুই দেশের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে।
মন্ত্রী বলেন, সৌদি আরবের মীনায় তাঁবুর ধারণক্ষমতার সীমাবদ্ধতার কারণে হজযাত্রীর কোটা নির্ধারণে কিছু প্রতিবন্ধকতা রয়েছে। তবে অন্য কোনো দেশ নির্ধারিত কোটা পূরণ করতে না পারলে কিংবা তাদের কোটা বাতিল হলে অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশকে তা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে বলে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী আশ্বাস দিয়েছেন।
উল্লেখ্য, ২০২৬ সালে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করেন।
ধর্মমন্ত্রী সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে হজ ব্যবস্থাপনায় সহযোগিতার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার হজ ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও সেবামুখী করতে কাজ করছে। হজযাত্রীদের সেবার মান বাড়ানো এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ অব্যাহত থাকবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দূতাবাস ও কনস্যুলেটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।