হজ ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং হাজিদের সেবার মান উন্নয়নের লক্ষ্য নিয়ে সৌদি আরবের জেদ্দায় শুরু হয়েছে চার দিনব্যাপী ষষ্ঠ হজ সম্মেলন ও প্রদর্শনী। আন্তর্জাতিক এ আয়োজনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় সম্মেলনের উদ্বোধন করেন মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স সউদ বিন মিশাল বিন আব্দুল আজিজ। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং ভিশন ২০৩০-এর পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রাম যৌথভাবে এ আয়োজন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের ধর্মমন্ত্রীও উপস্থিত ছিলেন।
সম্মেলনে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহসহ প্রায় ১২০টি দেশের ধর্মমন্ত্রী ও সরকারি প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
এবারের প্রদর্শনীতে আন্তর্জাতিক ও স্থানীয় পর্যায়ের ৩২৫টির বেশি প্রতিষ্ঠান তাদের সেবা ও প্রযুক্তি তুলে ধরছে। হজ ব্যবস্থাপনায় স্মার্ট প্রযুক্তির প্রয়োগ, আধুনিক সেবা এবং হাজিদের সুযোগ-সুবিধা বাড়ানোর বিভিন্ন উদ্যোগ এতে গুরুত্ব পাচ্ছে।
এদিকে, সোমবার সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। বাংলাদেশের পক্ষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এবং সৌদি আরবের পক্ষে হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ চুক্তিতে স্বাক্ষর করবেন।
এই সমঝোতার মধ্য দিয়ে আগামী বছরের হজ আয়োজন, ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট কার্যক্রম নিয়ে দুই দেশের আনুষ্ঠানিক সিদ্ধান্ত চূড়ান্ত হবে।



