আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর পূর্ব বাড্ডা নিমতলা কালীমন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি জানান। দুর্গাপূজা উপলক্ষে মন্দিরটি পরিদর্শনে যান নাহিদ। এনসিপির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নাহিদ ইসলাম বলেন, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীকে পদত্যাগ করতে বলা হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য প্রধানত দায়ী স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাবদিহির আওতায় আনা হচ্ছে না। তার অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে সংবিধান নিয়ে ব্যস্ত রয়েছেন।
ঢাকার গেণ্ডারিয়ার ঘুণ্টিঘর এলাকায় অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে সংসদ সদস্য ইশরাক হোসেনের অংশ নেওয়া নিয়েও কথা বলেন নাহিদ। তিনি ইশরাকের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ তুলে আইন প্রয়োগকারী সংস্থাকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। সোমবার ইশরাক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।
মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও দখলচেষ্টার ঘটনায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের প্রসঙ্গও তোলেন নাহিদ। তার অভিযোগ, পদত্যাগ করলেও ওই ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়নি।
দেশ পরিচালনায় একজনের ইচ্ছা বা নির্দেশ প্রাধান্য পাচ্ছে দাবি করে নাহিদ বলেন, এটি গণতন্ত্র ও আইনের শাসনের উদাহরণ নয়। সংবিধান সংশোধন কমিটির কার্যক্রমেরও সমালোচনা করেন তিনি। মন্দির পরিদর্শনের সময় এনসিপির মুখপাত্র ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ দলটির কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।




