সৌদি আরবে নিহত প্রবাসী কর্মী নুরুল হকের পরিবার অবশেষে ক্ষতিপূরণের অর্থ পেয়েছে। এ অর্থ পেতে পরিবারটিকে সহযোগিতা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন নুরুল হকের পরিবারের সদস্যরা। এর আগে গত সপ্তাহে তারা ক্ষতিপূরণের অর্থ বুঝে পান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্ষতিপূরণ আদায়ে সহযোগিতার জন্য পরিবারের সদস্যরা প্রতিমন্ত্রী ও মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা জানান। সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী পরিবারের সদস্যদের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতির খোঁজ নেন।
মন্ত্রণালয় জানায়, ২০২৩ সালে সৌদি আরবে কর্মরত থাকা অবস্থায় হত্যার শিকার হন নুরুল হক। তার পরিবারের জন্য ক্ষতিপূরণ আদায়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়। সেই প্রচেষ্টার ফল হিসেবে পরিবারটি সম্প্রতি ক্ষতিপূরণের অর্থ পেয়েছে।




