কুমিল্লার কিশোরী তাজমিনের মৃত্যুর পর কক্সবাজারে দায়ের করা ধর্ষণ মামলায় রিয়াজ উদ্দিন রাজুকে তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। সোমবার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইরফানুল হক এ আদেশ দেন।
আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, আইনজীবী মোহাম্মদ রাশেদের আবেদনের ভিত্তিতে গত ১৬ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দেওয়া হয়। কক্সবাজার সদর থানা-পুলিশ পরে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করে রাজুকে মামলায় গ্রেপ্তার দেখায়। তদন্ত কর্মকর্তার আবেদনের পর আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে তাজমিনের মৃত্যুর পর গত ১১ অক্টোবর রাজুকে আটক করে কক্সবাজার সদর থানা-পুলিশ। পরে কুমিল্লা জেলা পুলিশ ও লালমাই থানার একটি দল কক্সবাজারে গেলেও রাজুকে তাদের কাছে হস্তান্তর করা হয়নি। ১২ অক্টোবর ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
পরে আইনজীবী মোহাম্মদ রাশেদ ধর্ষণের অভিযোগে আদালতে আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করার নির্দেশ আসে। আইনজীবী রাশেদের দাবি, ভালোবাসার সম্পর্কের কথা বলে রাজু তাজমিনকে কক্সবাজারে নিয়ে এসেছিলেন। তাকে সেখানে না আনা হলে এ ঘটনা ঘটত না বলে অভিযোগ করেন তিনি।