মন্ত্রিসভার কোনো সদস্যকে পদত্যাগ করতে বলা প্রধানমন্ত্রীর ক্ষমতার বাইরে নয় বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। সোমবার (১৯ অক্টোবর) নিজের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অ্যাটর্নি জেনারেল বলেন, প্রধানমন্ত্রী তার এখতিয়ারের মধ্যে মন্ত্রিসভা গঠন ও পুনর্গঠন এবং সদস্য নিয়োগ দিতে পারেন। এগুলো তার ক্ষমতার আওতাভুক্ত।
অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়া নিয়ে বিতর্কের মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলে রবিবার রাতে খবর প্রকাশিত হয়। তবে পরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দিয়ে ইশরাক দাবি করেন, তিনি নিজেই প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগের ইচ্ছা জানিয়েছিলেন।
মাদকবিরোধী অভিযানে ইশরাকের অস্ত্র বহনের আইনি বৈধতা নিয়ে প্রশ্ন করা হলে কাজল বলেন, আনুষ্ঠানিক অভিযোগ বা মামলা শুরু হলে আইনি ব্যাখ্যার প্রশ্ন আসে। কোনো প্রকাশ্য ইস্যুতে বাইরে থেকে মন্তব্য করার প্রয়োজন নেই বলেও জানান তিনি।
বৈধ অস্ত্রের ব্যবহার সম্পর্কে অ্যাটর্নি জেনারেল বলেন, ব্যক্তিগত আত্মরক্ষার জন্য অস্ত্রের লাইসেন্স দেওয়া হয় এবং আত্মরক্ষার প্রয়োজনেই তা ব্যবহার করার কথা। অপরাধীকে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। তবে কোনো নাগরিকের সামনে আমলযোগ্য অপরাধ সংঘটিত হলে তাকে আটক করার অধিকারও আইনে রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
ইশরাকের ঘটনায় আইন লঙ্ঘন হয়েছে কি না, সে বিষয়ে মন্তব্য করতে রাজি হননি অ্যাটর্নি জেনারেল। বিষয়টিকে রাজনৈতিক ইস্যু উল্লেখ করে তিনি বলেন, তিনি কেবল আইনের সাধারণ বিধান তুলে ধরেছেন, কোনো রায় দেননি।