একটি দলকে সরিয়ে অন্য দলকে ক্ষমতায় বসানো জুলাই আন্দোলনের লক্ষ্য ছিল না বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তার মতে, তরুণদের আত্মত্যাগের মূল প্রত্যাশা ছিল রাষ্ট্র ও রাজনৈতিক ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন।
দেশের মানুষ শুধু ক্ষমতার পালাবদলের জন্য রক্ত দেয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, একটি দলকে বিদায় করে আরেকটি দলকে ক্ষমতায় বসানোই আন্দোলনের উদ্দেশ্য ছিল না। জনগণ বিশেষ করে তরুণ প্রজন্ম রাষ্ট্রব্যবস্থায় মৌলিক পরিবর্তন প্রত্যাশা করেছিল। রবিবার (২৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, জুলাই আন্দোলনে অংশ নেওয়া তরুণদের আত্মত্যাগের প্রতি জাতি ঋণী। তাদের প্রত্যাশাকে সম্মান জানিয়ে দেশ পরিচালনায় প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে। এ ক্ষেত্রে জামায়াতের নিজস্ব কোনো দলীয় দাবি নেই উল্লেখ করে তিনি বলেন, তাদের উত্থাপিত সাত দফা মূলত জনগণের প্রত্যাশার প্রতিফলন।
গণভোটের প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন, ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে মত দিয়েছেন। নির্বাচনের আগে বিভিন্ন পক্ষ থেকে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হলে গণভোটের রায় পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এখন সেই অঙ্গীকার রক্ষা করতে হবে।
জুলাই জাতীয় সনদ নিয়ে বিএনপির অবস্থানের সমালোচনা করে শফিকুর রহমান বলেন, সনদের কয়েকটি বিষয়ে দলটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিন্নমত জানিয়েছে। তার অভিযোগ, যেসব বিধান থাকলে ভবিষ্যতে কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা কঠিন হবে, সেসব বিষয়েই বিএনপি আপত্তি তুলেছে।
দেশের বর্তমান পরিস্থিতি নিয়েও অসন্তোষ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, ৫ আগস্টের পর রাজনৈতিক পরিবর্তনের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা পূরণ হয়নি। তার অভিযোগ, ক্ষমতায় আসার পর সরকার অতীতের নির্যাতনের অভিজ্ঞতা ভুলে গিয়ে মানুষের ওপর চাপ সৃষ্টি করছে।
চাঁদাবাজি, দখলবাণিজ্য, দুর্নীতি, কমিশন গঠন এবং রাজনৈতিক কৌশলের মাধ্যমে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। ৬ আগস্টের পর থেকে এসব কর্মকাণ্ড শুরু হয়েছে দাবি করে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি নিয়ে জনগণের মধ্যে অসন্তোষ রয়েছে।
প্রধানমন্ত্রীর সঙ্গে গত ১৮ নভেম্বর সংসদ অধিবেশনের শেষ দিনে অনুষ্ঠিত চা-চক্রের আলোচনার বিষয়ও তুলে ধরেন শফিকুর রহমান। তিনি জানান, সেখানে জাতীয় ঐক্যের পক্ষে জামায়াতের অবস্থান স্পষ্ট করা হয়েছিল। তবে তার মতে, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকর না হলে দেশে প্রকৃত জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব নয়।