সিলেট বিভাগে হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে রোগীর চাপ বাড়ছে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪৯৮ জন চিকিৎসাধীন রয়েছে। রবিবার (২৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে তিন বছর নয় মাস বয়সী শিশু সুলেমান। তার বাড়ি মৌলভীবাজারের রাজনগর উপজেলায়।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ নভেম্বর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৬০ জনে। জেলাভিত্তিক হিসাবে সুনামগঞ্জে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি ৯৯৮ জন। এ ছাড়া সিলেটে ৪৮৬, হবিগঞ্জে ৩০৪ এবং মৌলভীবাজারে ১৭২ জনের শরীরে রোগটি শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ১৪০ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬০, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩৭ এবং জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে দুজন ভর্তি হয়েছে। এ ছাড়া হবিগঞ্জের বিভিন্ন হাসপাতালে ৩০, মৌলভীবাজারে সাত এবং সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে চারজন ভর্তি হয়েছে।
বর্তমানে চিকিৎসাধীন ৪৯৮ জনের মধ্যে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৬৫ এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১২১ জন রয়েছে। এ ছাড়া জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩৫, পার্কভিউ মেডিক্যালে ১৮, নর্থ ইস্ট মেডিক্যালে ১১ এবং মাউন্ট এডোরা হাসপাতালে দুজন চিকিৎসা নিচ্ছে।
জেলার হাসপাতালগুলোর মধ্যে হবিগঞ্জ সদর ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ৮৬, মৌলভীবাজারে ১৯ এবং সুনামগঞ্জে ৩৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। সিলেট জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে আরও তিনজন।
স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে সিলেট বিভাগে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ২৩৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হাম নিয়ে সিলেটে ১০৫, হবিগঞ্জে ৩১, মৌলভীবাজারে ১৬ এবং সুনামগঞ্জে ৭৫ জন মারা গেছে। অন্যদিকে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে সিলেটে চার, হবিগঞ্জে চার, মৌলভীবাজারে একজন এবং সুনামগঞ্জে একজনের মৃত্যু হয়েছে।
সব মিলিয়ে সিলেটে ১০৯, হবিগঞ্জে ৩৫, মৌলভীবাজারে ১৭ এবং সুনামগঞ্জে ৭৬ জনের মৃত্যু হয়েছে। আগের ২৪ ঘণ্টায় বিভাগে হাম আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছিল। ওই সময়ে নতুন করে ১৪ জনের হাম শনাক্ত এবং উপসর্গ নিয়ে ১০৭ জন হাসপাতালে ভর্তি হয়েছিল।