একের পর এক নাশকতার ঘটনায় রেলপথের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। যাত্রীদের সুরক্ষা এবং রেলওয়ের স্থাপনা রক্ষায় আগামী দুই মাসের জন্য অতিরিক্ত নিরাপত্তাকর্মী নিয়োগসহ ব্যাপক নজরদারির পরিকল্পনা নিয়েছে সরকার।
দেশের রেল যোগাযোগব্যবস্থায় নিরাপত্তা বাড়াতে আড়াই হাজার অতিরিক্ত আনসার সদস্য মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে। ডিসেম্বর ও জানুয়ারি মাসজুড়ে তারা বিভিন্ন স্টেশন, রেলপথ এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় দায়িত্ব পালন করবেন। পাশাপাশি তল্লাশি, গোয়েন্দা নজরদারি ও যৌথ টহল বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রেলওয়ের তথ্য অনুযায়ী, গত ৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত ১৩ দিনে দেশের দুই অঞ্চলে মোট ৩৮টি নাশকতার ঘটনা ঘটেছে। এর মধ্যে পূর্বাঞ্চলে ২১টি এবং পশ্চিমাঞ্চলে ১৭টি ঘটনা ঘটে। অর্থাৎ প্রায় প্রতিদিনই কোনো না কোনো স্থানে নাশকতার ঘটনা ঘটেছে।
এ পরিস্থিতিতে গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রেলপথ মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সেখানে নিরাপত্তা জোরদারে দুই হাজার অঙ্গীভূত আনসার এবং ৫০০ ব্যাটালিয়ন আনসার সদস্য নিয়োগের উদ্যোগ নেওয়া হয়। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরে প্রয়োজনীয় চিঠি পাঠানো হয়েছে।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম জানান, দুই হাজার অঙ্গীভূত আনসার সদস্য মোতায়েনের পরিকল্পনা অনুযায়ী দায়িত্ব বণ্টন করা হয়েছে। অন্যদিকে ৫০০ ব্যাটালিয়ন আনসার রেলওয়ে পুলিশের সঙ্গে কাজ করবেন। শনিবার থেকেই তাদের দায়িত্ব শুরু হয়েছে। সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর নির্দেশনা অনুযায়ী নির্ধারিত এলাকায় তারা কাজ করবেন।
নিরাপত্তা পরিকল্পনায় স্টেশনে প্রবেশের সময় যাত্রীদের ব্যাগ ও মালামাল পরীক্ষা করার বিষয়টিও রাখা হয়েছে। এ জন্য এক্স-রে যন্ত্র ও ধাতব বস্তু শনাক্তকারী যন্ত্র ব্যবহারের প্রস্তাব রয়েছে। গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে নজরদারি ক্যামেরা বসানোর পাশাপাশি নষ্ট ক্যামেরা মেরামত এবং অবৈধ প্রবেশপথ বন্ধ করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
এ ছাড়া ট্রেন স্টেশনে অবস্থান, ইয়ার্ডে রাখা কিংবা যাত্রাবিরতির সময় নিরাপত্তার দায়িত্ব সঠিকভাবে হস্তান্তরের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব পালনের যাবতীয় তথ্য লিখিতভাবে সংরক্ষণ এবং ১৯৮৫ সালের নিরাপত্তা নির্দেশিকা অনুসরণের প্রস্তাবও রয়েছে।
রেললাইন, পার্কিং এলাকা ও বিভিন্ন স্থাপনায় নজরদারি বাড়ানো হবে। বিশেষ করে রেললাইনের নাট-বল্টু ও ফিশপ্লেট খুলে দুর্ঘটনা ঘটানোর অপচেষ্টা ঠেকাতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হবে। রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও রেলওয়ে পুলিশের সমন্বয়ে সার্বক্ষণিক যৌথ টহলের পরিকল্পনাও রয়েছে।
শুধু নাশকতা নয়, অগ্নিকাণ্ড মোকাবিলায়ও প্রস্তুতি নেওয়া হচ্ছে। ট্রেন ও স্টেশনে থাকা অগ্নিনির্বাপক যন্ত্রের কার্যকারিতা পরীক্ষা, কর্মীদের প্রশিক্ষণ এবং নিয়মিত মহড়ার ব্যবস্থা করার প্রস্তাব দেওয়া হয়েছে।
নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে রেলওয়ের স্থাপনাগুলোর আশপাশ পরিষ্কার রাখা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, দ্রুত অভিযান পরিচালনায় বিশেষ দল প্রস্তুত রাখা এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমে প্রচারণা চালানো হবে।
রেলসচিব মো. ফাহিমুল ইসলাম বলেন, রাজনৈতিক পরিস্থিতির কারণে নাশকতার ঘটনা ঘটতে পারে। তবে রেলপথের নিরাপত্তায় কোনো ঘাটতি ছিল না। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই অতিরিক্ত সদস্য নিয়োগ করা হচ্ছে।
তবে শুধু সাময়িকভাবে নিরাপত্তাকর্মীর সংখ্যা বাড়িয়ে সমস্যার স্থায়ী সমাধান হবে না বলে মনে করেন বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ও যোগাযোগ বিশেষজ্ঞ শামসুল হক। তার মতে, বিদ্যমান ব্যবস্থার দুর্বলতা খুঁজে বের করে নিয়মিত নজরদারি এবং দীর্ঘমেয়াদি নিরাপত্তাকাঠামো গড়ে তোলা জরুরি।