প্রতিষ্ঠানের অর্থ বরাদ্দে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ তুলে অধ্যক্ষের বদলি চেয়েছেন সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দাবি আদায়ে সড়কে নামায় প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে মহাসড়কে যান চলাচল।
অধ্যক্ষের অপসারণের দাবিতে সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। রবিবার (২৯ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা এ কর্মসূচিতে মহাসড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। এতে যাত্রী ও চালকদের দুর্ভোগ পোহাতে হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, ২০২৫-২৬ অর্থবছরে প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের জন্য বরাদ্দ করা অর্থের যথাযথ ব্যবহার হয়নি। এমনকি রাসায়নিক সামগ্রী কেনার জন্য বরাদ্দ অর্থের হিসাবও দিতে পারেননি অধ্যক্ষ। এসব আর্থিক অনিয়মের অভিযোগে তাকে দ্রুত বদলির দাবি জানিয়েছেন তারা।
অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যান শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তারা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে সড়ক থেকে সরে যাওয়ার আহ্বান জানান। পরে প্রশাসনের আশ্বাসে দুপুর ১২টার দিকে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।
শিক্ষার্থী আপন মিয়া বলেন, দুর্নীতির অভিযোগ থাকা অধ্যক্ষের বদলি তাদের প্রধান দাবি। উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুরোধে আপাতত কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে দিনের মধ্যে দাবি পূরণ না হলে অসহযোগ আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
আরেক শিক্ষার্থী আমিন উদ্দিন বলেন, অধ্যক্ষকে দ্রুত অন্যত্র বদলি করতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
এদিকে দীর্ঘ সময় যানজটে আটকে থাকা যাত্রী সোহাগ মিয়া জানান, প্রায় এক ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। তবে বিলম্বের কারণে নির্ধারিত কাজ শেষ করতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন তিনি।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা বলেন, শিক্ষার্থীদের অভিযোগ ও দাবির বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়েছে। দ্রুত তাদের দাবি বাস্তবায়নের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।