উচ্চশিক্ষায় সঠিক বিশ্ববিদ্যালয় ও পছন্দের বিষয় নির্বাচনে শিক্ষার্থী-অভিভাবকদের সহায়তা করতে চট্টগ্রামে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘প্রাইভেট ইউনিভার্সিটি এডমিশন ফেয়ার ২০২৬’। চট্টগ্রামভিত্তিক মার্কেটিং ও ক্রিয়েটিভ এজেন্সি হুইজ কমিউনিকেশন্সের আয়োজনে ২৯ ও ৩০ নভেম্বর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর চট্টগ্রাম কেন্দ্রে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।
রবিবার (২৯ নভেম্বর) বিকেলে মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ সাফিয়া গাজী রহমান। দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা ও হুইজ কমিউনিকেশন্সের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন হুইজ কমিউনিকেশন্সের পরিচালক (অ্যাডমিন) ও মেলার সমন্বয়কারী কাজী আরফাত, মেলার পরামর্শক মুজিবুল হক এবং আবু জুনায়েদ আসাদ।
উদ্বোধনী বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তি। উচ্চশিক্ষার ক্ষেত্রে শুধু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়াই যথেষ্ট নয়, বরং নিজের আগ্রহ, মেধা ও যোগ্যতা অনুযায়ী সঠিক বিষয় ও শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচন করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান বিশ্বে প্রযুক্তি, বিজ্ঞান, ব্যবসা-বাণিজ্যসহ নানা ক্ষেত্রে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। তাই শিক্ষার্থীদের সময়োপযোগী শিক্ষা ও দক্ষতা অর্জনের প্রতি গুরুত্ব দিতে হবে। চট্টগ্রামে এ ধরনের আয়োজন শিক্ষার্থী ও অভিভাবকদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ উদ্যোগকে স্বাগত জানান সিটি প্রশাসক।
তিনি বলেন, চট্টগ্রামকে সুন্দর ও বাসযোগ্য নগরীতে পরিণত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নগর উন্নয়নে তরুণ প্রজন্মের চিন্তা, সৃজনশীলতা ও অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় নগরীর কাজীর দেউড়ি এলাকায় অবস্থিত শহীদ জিয়াউর রহমান শিশু পার্কের স্থানে প্রস্তাবিত সিটি সেন্টারের পরিকল্পনা প্রণয়নে শিক্ষার্থীদের কাছ থেকে সৃজনশীল ধারণা আহ্বান করেন।
প্রশাসক জানান, শহীদ জিয়াউর রহমান শিশু পার্কের স্থানে একটি সিটি সেন্টার নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে শিক্ষার্থীরা তাদের নিজস্ব ধারণা ও পরিকল্পনা উপস্থাপন করতে পারবেন। সেরা তিনটি ধারণার জন্য প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করে পুরস্কার দেওয়া হবে। পরে ওই তিনটি ধারণার মধ্য থেকে একটি চূড়ান্তভাবে নির্বাচন করা হবে। নির্বাচিত ধারণার জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থাও থাকবে।
বিশেষ অতিথি শিক্ষাবিদ সাফিয়া গাজী রহমান বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠান উভয়েরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অনেক সময় শিক্ষার্থীরা অন্যের পছন্দ কিংবা সামাজিক প্রত্যাশার কারণে বিষয় নির্বাচন করে, যা পরবর্তী সময়ে তাদের আগ্রহ ও সম্ভাবনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় না। তাই শিক্ষার্থীদের নিজস্ব আগ্রহ, সক্ষমতা ও স্বপ্নকে গুরুত্ব দিয়ে উচ্চশিক্ষার সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। এ ধরনের মেলা শিক্ষার্থী ও অভিভাবকদের সামনে প্রয়োজনীয় তথ্য ও সম্ভাবনার নতুন দুয়ার খুলে দেবে।
সভাপতির বক্তব্যে মাসুদ বকুল বলেন, উচ্চশিক্ষা একজন শিক্ষার্থীর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সঠিক তথ্যের অভাবে অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ও বিষয় নির্বাচনে দ্বিধায় পড়ে। শিক্ষার্থী ও অভিভাবকদের সেই দ্বিধা দূর করে বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরির লক্ষ্যেই এ আয়োজন। চট্টগ্রামের শিক্ষার্থীরা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সুযোগ-সুবিধা সম্পর্কে জানার পাশাপাশি নিজেদের ভবিষ্যৎ নিয়ে সচেতন সিদ্ধান্ত নিতে পারবেন বলে আশা করেন তিনি।
মেলার সমন্বয়কারী কাজী আরফাত বলেন, এ মেলার মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য দেশের ১৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে একই প্ল্যাটফর্মে নিয়ে আসা হয়েছে। ভর্তি-সংক্রান্ত তথ্য জানার পাশাপাশি শিক্ষার্থীরা বৃত্তি, শিক্ষাক্রম, ক্যাম্পাস সুবিধা ও ভবিষ্যৎ ক্যারিয়ার সম্পর্কে সরাসরি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সুযোগ পাচ্ছেন। পাশাপাশি আইসিটি কুইজ ও কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
মেলার পরামর্শক মুজিবুল হক বলেন, শুধু একাডেমিক ফলাফল নয়, একজন শিক্ষার্থীর আগ্রহ, দক্ষতা, সৃজনশীলতা ও ভবিষ্যৎ পরিকল্পনাও উচ্চশিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের ক্যারিয়ার সম্পর্কে সচেতন করা প্রয়োজন। এ মেলার কর্মশালাগুলো বিষয় নির্বাচন ও কর্মজীবনের সম্ভাবনা সম্পর্কে বাস্তব ধারণা দিতে সহায়ক হবে বলে বিশ্বাস করেন তিনি।
মেলার অন্যতম আকর্ষণ হিসেবে চট্টগ্রামের ৩০টি কলেজের দুই হাজারের বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে আইসিটি কুইজ প্রতিযোগিতা। পাশাপাশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, বিষয় নির্বাচন, ক্যারিয়ার পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে বিশেষ কর্মশালা পরিচালনা করেন এজেড কনসালটিংয়ের প্রধান ব্যবস্থাপনা ও নির্বাহী পরামর্শক আহমেদ জিবরান এবং প্রধান প্রশিক্ষক জাবিনা মাহমুদ চৌধুরী।
মেলার দ্বিতীয় ও শেষ দিনে শিক্ষার্থীদের জন্য আরও দুটি বিশেষ কর্মশালার আয়োজন রয়েছে। এতে কর্মশালা পরিচালনা করবেন কর্পোরেট ব্যক্তিত্ব আসিফ ইকবাল এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ আশরাফুল আমিন।
এ ছাড়া সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলায় অংশগ্রহণকারীদের সম্মাননা প্রদান করবেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মাহবুবের রহমান শামীম। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তরুণ বিজ্ঞানী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আদনান মান্নান।
আয়োজকদের প্রত্যাশা, এডমিশন ফেয়ার শিক্ষার্থী ও অভিভাবকদের উচ্চশিক্ষা বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করার পাশাপাশি চট্টগ্রামের শিক্ষাঙ্গনে বিশ্ববিদ্যালয়, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে কার্যকর সংযোগ গড়ে তুলবে।