সড়ক দুর্ঘটনায় হতাহতদের অথবা তাদের পরিবারকে বড় অঙ্কের আর্থিক সহায়তা দিচ্ছে সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। চালকসহ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যে কোনো ব্যক্তি বা তার পরিবার নির্ধারিত নিয়ম মেনে আবেদন করলে এ সহায়তা পাবেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) এ নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছে বিআরটিএ। বিআরটিএর তথ্যমতে, আবেদনের ভিত্তিতে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার অর্থ সরাসরি ব্যাংক হিসাবে চেকের মাধ্যমে দেওয়া হবে।
সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ক্ষেত্রে কমপক্ষে ৫ লাখ টাকা, অঙ্গহানির ক্ষেত্রে কমপক্ষে ৩ লাখ টাকা। গুরুতর আহত যাদের স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা কম ,তাদের ক্ষেত্রে কমপক্ষে ৩ লাখ টাকা। এবং আহত হলেও স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা থাকলে কমপক্ষে ১ লাখ টাকা সহায়তা পাওয়া যাবে।
দুর্ঘটনা ঘটার ৯০ দিনের মধ্যে আবেদন করতে হবে। এ ক্ষেত্রে চেয়ারম্যান, ট্রাস্টি বোর্ড বরাবর ফরম-৩২-এ আবেদন করতে হবে। ঘরে বসেই অনলাইনে বিএসপি-এর মাধ্যমেও আবেদন করা যাবে। দুর্ঘটনা ঘটার ৯০ দিন পার হয়ে গেলে আর আবেদন করার কোনো সুযোগ থাকবে না।




