গত ৮ মাসে দেশে বিদ্যুৎ সরবরাহের জন্য ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে সরকারকে । বিশ্ববাজারে জ্বালানি সংকট ও বিদ্যুৎ উৎপাদনে বাড়তি ব্যয়ের চাপ সামলাতে বর্তমান সরকার সৌরবিদ্যুতের দিকে ঝুঁকছে। আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার ( ৫ নভেম্বর) রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। যুদ্ধের কারণে বিশ্বে বিদ্যুৎ ও জ্বালানি সংকট প্রকট আকার ধারণ করেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এ পরিস্থিতিতে দেশের জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো ছাড়া কার্যকর বিকল্প নেই। আগামী গ্রীষ্মের আগেই সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী সৌরবিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হলে বিদ্যুৎ সংকট মোকাবিলার পাশাপাশি কৃষি অর্থনীতির উন্নয়নও অব্যাহত রাখা সম্ভব হবে বলেও জানান তিনি।
সৌরবিদ্যুতের উৎপাদন বাড়াতে নিজেদের বাড়ির ছাদে প্যানেল স্থাপনের জন্য সবাইকে উৎসাহিত করেন মন্ত্রী। বলেন, ব্যক্তিপর্যায়ে বাড়ির ছাদে স্থাপিত সৌর প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎও কিনবে সরকার। এ ক্ষেত্রে সরকার প্রতি ইউনিট বিদ্যুৎ ১০ টাকা দরে কিনে নেবে।
সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো গেলে প্রচলিত জ্বালানির ওপর নির্ভরতা কমবে। একই সঙ্গে বিদ্যুৎ উৎপাদনে সরকারের ব্যয় ও ভর্তুকির চাপ কমানো সম্ভব হবে, বলেন মন্ত্রী।




