গার্মেন্টস শিল্পে কর্মরত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নে আগামী ৯ নভেম্বর দ্বিতীয় সভা করবে নিম্নতম মজুরি বোর্ড। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিম্নতম মজুরি বোর্ডের শিল্প শাখা থেকে বৃহস্পতিবার (৫ নভেম্বর) জারি করা এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সেগুনবাগিচার নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।
বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারা অনুযায়ী অনুষ্ঠিতব্য এ সভার প্রধান আলোচ্যসূচির মধ্যে রয়েছে গার্মেন্টস শিল্পের শ্রমিকপক্ষ ও মালিকপক্ষের প্রতিনিধিদের পৃথকভাবে নিম্নতম মজুরি হারের লিখিত প্রস্তাব দাখিল। পাশাপাশি এ শিল্পে নিযুক্ত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি হারের সুপারিশ প্রণয়ন নিয়ে আলোচনা হবে।
সভায় বোর্ডের নিরপেক্ষ সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলে উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধিত্বকারী সদস্য বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং শ্রমিকপক্ষের প্রতিনিধিত্বকারী সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
গার্মেন্টস শিল্পের মালিকপক্ষের প্রতিনিধিত্বকারী বোর্ড সদস্য ও বিজিএমইএর পরিচালক এ বি এম সামছুদ্দিনকে সভায় মজুরি হারের প্রস্তাব দাখিলের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।