দেশের মৎস্যসম্পদের বিপুল সম্ভাবনা কাজে লাগাতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি রপ্তানি বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এ খাতের বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জ চিহ্নিত করে সেগুলো সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
রবিবার (২২ নভেম্বর) রাজধানীর মৎস্য ভবনে ওয়ার্ল্ড ফিশারিজ ডে ২০২৬ উপলক্ষে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, মাছ বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও খাদ্যাভ্যাসের গুরুত্বপূর্ণ অংশ। বর্তমানে দেশে বছরে প্রায় ৫১ লাখ মেট্রিক টন মাছ উৎপাদিত হচ্ছে। অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি বিদেশে মাছ রপ্তানি বাড়ানোরও যথেষ্ট সুযোগ রয়েছে। একসময় তৈরি পোশাক খাতের পর মৎস্য খাতের রপ্তানি আয় ছিল উল্লেখযোগ্য। এত সম্ভাবনা থাকা সত্ত্বেও এ খাতে প্রত্যাশিত অগ্রগতি না হওয়ার কারণ খুঁজে বের করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী ইতিমধ্যে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও নদী পুনঃখননের ঘোষণা দিয়েছেন। এ কর্মসূচি বাস্তবায়িত হলে পানির স্বাভাবিক প্রবাহ ও জলজ পরিবেশের উন্নয়ন ঘটবে। বিশেষ করে ইলিশের প্রজনন ও বিচরণক্ষেত্রের নদী এবং মোহনাগুলোতে নাব্যতা ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগ নিতে হবে।
মৎস্য খাতের উন্নয়নে গবেষক, বিশেষজ্ঞ, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের জনশক্তিকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে উৎপাদন, রপ্তানি ও কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি এ খাতের চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব হবে।
মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনকের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মামুন চৌধুরী, নৌবাহিনী ও কোস্ট গার্ডের প্রতিনিধি, বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং মৎস্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।