শুধু মাঠে নয়, এবার শ্রেণিকক্ষেও বাড়বে খেলাধুলার চর্চা। স্কুলশিক্ষার্থীদের ছোটবেলা থেকেই ক্রীড়ায় পারদর্শী করে তুলতে নতুন কুঁড়ি প্রতিযোগিতার ১০টি ইভেন্ট জাতীয় শিক্ষাক্রমে যুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। এ তথ্য জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
রবিবার (২২ নভেম্বর) রাজধানীর ল্যাবএইড হাসপাতালের সঙ্গে ক্রীড়াবিদদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ পরিকল্পনার কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, আর্থিক সংকটের কারণে কোনো খেলোয়াড় যেন চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার। ক্রীড়াবিদদের সম্মান, আর্থিক সুরক্ষা ও পেশাগত ভবিষ্যৎ নিশ্চিত করতে ক্রীড়া কার্ড চালু করা হয়েছে। এর মাধ্যমে খেলাধুলাকে জীবিকার একটি সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার।
ক্রীড়া কার্ডের আওতায় আরও সুযোগ-সুবিধা যুক্ত করতে বিভিন্ন ব্যাংকের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি। এসব উদ্যোগের লক্ষ্য, খেলোয়াড়দের আর্থিক ও অন্যান্য দুশ্চিন্তা কমিয়ে অনুশীলন এবং প্রতিযোগিতায় মনোযোগী হওয়ার পরিবেশ তৈরি করা।
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে বছরজুড়ে প্রশিক্ষণ ক্যাম্প আয়োজনের পরিকল্পনাও রয়েছে। প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, আগামী জানুয়ারি থেকে এ কার্যক্রম শুরু হবে। এশিয়ান গেমস ও অলিম্পিকের মতো বড় আসরে বাংলাদেশের ক্রীড়াবিদদের অংশগ্রহণ ও যোগ্যতা অর্জনের প্রস্তুতিই হবে এর অন্যতম লক্ষ্য।
এ ছাড়া দেশের ক্রীড়াঙ্গনে অতীতে অবদান রাখা সাবেক খেলোয়াড়দের জন্য ভাতা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী জানুয়ারি থেকে তারা এ সুবিধা পেতে শুরু করবেন। নতুন প্রজন্মের প্রতিভা বিকাশের পাশাপাশি সাবেক ক্রীড়াবিদদের স্বীকৃতি ও সুরক্ষা নিশ্চিত করার বিষয়টিও সরকারের পরিকল্পনায় রয়েছে।




