আর মাত্র দুই দিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী কৃষ্ণের রাসযাত্রা ও রাসমেলা।
এ উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোরকমণ্ডল রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে চতুর্থবারের মতো আট দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। মন্দির প্রাঙ্গণে চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা, আলোকসজ্জা ও প্রতিমা তৈরির কাজ। উৎসবকে ঘিরে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
আগামী ২৪ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উৎসবের সূচনা হবে। চলবে ১ ডিসেম্বর পর্যন্ত।
আট দিনব্যাপী এ আয়োজনে থাকছে শ্রীশ্রী রাধাকৃষ্ণের রাসলীলা, ভজন-কীর্তন, ধর্মীয় আলোচনা, শ্রীমদ্ভাগবত পাঠ, গীতা পাঠ, অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ, লীলা-কীর্তন ও নগরকীর্তনসহ নানা ধর্মীয় অনুষ্ঠান। এতে দেশের বিভিন্ন এলাকার খ্যাতনামা কীর্তনীয়া, বেতার ও টেলিভিশন শিল্পীরা অংশ নেবেন। আয়োজকদের প্রত্যাশা, উৎসবকে কেন্দ্র করে ফুলবাড়ীসহ আশপাশের উপজেলা ও দেশের বিভিন্ন এলাকা থেকে প্রায় লক্ষাধিক ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটবে।
আট দিনের কর্মসূচির প্রথম দিন ২৪ নভেম্বর শ্রীশ্রী রাধাকৃষ্ণের রাসলীলা ও ভজন-কীর্তনের মধ্য দিয়ে উৎসব শুরু হবে। এতে পরিবেশনা করবে ব্যান্ড রুদ্রাক্ষ। সংগীত পরিবেশন করবেন বাংলাদেশ বেতারের শিল্পী নন্দিনী রায়, শ্যামলী রানী রায় ও সুজন চক্রবর্তী।
২৫ নভেম্বর থাকবে সন্ধ্যা আরতি, শ্রীমদ্ভাগবত পাঠ, রাসলীলা ও নাটক-কীর্তন।
২৬ নভেম্বর ভক্তিগীতি, ভজন-কীর্তন ও সংগীতানুষ্ঠানে অংশ নেবেন বাংলাদেশ বেতার রংপুরের শিল্পী সুরভী রায় ও শোভা রানী রায় এবং টেলিভিশন শিল্পী বিজয় পলাশ।
২৭ নভেম্বর ইসকন আনন্দধারা অনুষ্ঠানে মঙ্গলাচরণ, গুরুবন্দনা, বৈষ্ণব বন্দনা, ভজন-কীর্তন ও ভাগবতীয় আলোচনা অনুষ্ঠিত হবে।
২৮ নভেম্বর থাকবে ভাগবতীয় আলোচনা, গীতা পাঠ ও অধিবাস কীর্তন।
২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ। পাশাপাশি নাগেশ্বরীর রায়গঞ্জের কৃষ্ণকাঙ্গাল সম্প্রদায়ের শ্রী ব্রজেন্দ্রনাথ (মাস্টার) রাস পরিবেশন করবেন।
৩০ নভেম্বর দিনব্যাপী অনুষ্ঠিত হবে শ্রীকৃষ্ণের অপ্রাকৃত অষ্টকালীন লীলা-কীর্তন। এতে যশোরের শ্রী চৈতন্য দাস (উত্তম), বগুড়ার শ্রী দুলাল চন্দ্র মোহন্ত (পাগলা দুলাল), গোরকমণ্ডলের শ্রীমতি জ্যোতিকা রানী ও ঢাকার শ্রীমতি আশা সরকার অংশ নেবেন।
১ ডিসেম্বর নগরকীর্তন, মহন্ত বিদায় ও ভজন-কীর্তনের মধ্য দিয়ে আট দিনব্যাপী উৎসবের সমাপ্তি ঘটবে।
উদ্বোধনী অনুষ্ঠানে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন ও উদ্বোধন করবেন বালারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌরেন্দ্র চন্দ্র গোস্বামী (পল্টু)।
প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি কার্তিক চন্দ্র সরকার।
প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন নাওডাঙ্গা ইউনিয়নের ওয়ার্ডের ইউপি সদস্য শ্যামল চন্দ্র মণ্ডল। এ ছাড়া বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
রাসমেলা আয়োজক কমিটির প্রধান পৃষ্ঠপোষক শ্যামল চন্দ্র মণ্ডল, সভাপতি গৌরাঙ্গ কৃষ্ণ বিশ্বাস ও সাধারণ সম্পাদক তপন চন্দ্র বিশ্বাস জানান, চতুর্থবারের মতো এ আয়োজন ঘিরে প্রস্তুতি প্রায় শেষ। মেলাপ্রাঙ্গণে আলোকসজ্জা ও প্রতিমা তৈরির কাজ শেষের দিকে। শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন তারা।
আয়োজকদের প্রত্যাশা, ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি, আনন্দ ও সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধনে গোরকমণ্ডলের এ রাসমেলা উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ ধর্মীয় মিলনমেলায় পরিণত হবে।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি কার্তিক চন্দ্র সরকার ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সুনীল চন্দ্র রায় জানান, টানা তিন বছর ধরে এখানে বর্ণাঢ্য আয়োজনে রাসমেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এবারও উৎসবটি আরও আনন্দঘন ও বর্ণিল পরিবেশে উদ্যাপিত হবে বলে তারা আশাবাদী।
নাওডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা জানান, রাসমেলা শান্তিপূর্ণভাবে উদ্যাপনের লক্ষ্যে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা প্রশাসন ও ফুলবাড়ী থানাকে আয়োজক কমিটির পক্ষ থেকে লিখিতভাবে অবহিত করা হয়েছে। উৎসবের শুরু থেকে শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করা হয়েছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেন জানান, গোরকমণ্ডল এলাকায় আট দিনব্যাপী রাসমেলা উদ্যাপনের বিষয়ে আয়োজক কমিটির পক্ষ থেকে থানায় লিখিত আবেদন করা হয়েছে। রাসমেলা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাহিদ হাসান জানান, রাসমেলা উদ্যাপন কমিটি সরকারি বরাদ্দের জন্য আবেদন করেছে। সরেজমিনে পরিদর্শন ও পর্যবেক্ষণ শেষে প্রয়োজনীয় সুপারিশসহ আবেদনটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। আট দিনব্যাপী এ উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদ্যাপনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।




