বঙ্গোপসাগরে নিরাপত্তা জোরদার, মানবপাচার ও সামুদ্রিক অপরাধ দমনে বাংলাদেশ কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে সহযোগিতার আশ্বাস দিয়েছে ইতালি। এ লক্ষ্যে প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা ও দুই দেশের কোস্ট গার্ডের মধ্যে যৌথ কার্যক্রম বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।
রবিবার ( ২২ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেন ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট ভাইস অ্যাডমিরাল সার্জিও লিয়ার্দো (Vice Admiral Sergio Liardo)।
বৈঠকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পাশাপাশি সমুদ্রসীমার নিরাপত্তা ও কোস্ট গার্ডের পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পায়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গোপসাগরে বাংলাদেশের বিশাল সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধ এবং সামুদ্রিক অপরাধ দমনে বাংলাদেশ কোস্ট গার্ড কাজ করছে। কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে ইতালি সরকারের দেওয়া চারটি মিনার্ভা ক্লাস কর্ভেট জাহাজের জন্য তিনি কৃতজ্ঞতা জানান। সংস্কারের পর জাহাজগুলো অফশোর প্যাট্রোল ভেসেল হিসেবে বঙ্গোপসাগরে নজরদারি ও টহলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ভবিষ্যতে জি-টু-জি পদ্ধতিতে উপযুক্ত দেশ থেকে অফশোর ও কোস্টাল প্যাট্রোল ভেসেল সংগ্রহের বিষয়েও আলোচনা হয়। এ ক্ষেত্রে স্বচ্ছতা ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়া অনুসরণের ওপর গুরুত্ব দেন মন্ত্রী।
প্রশিক্ষণ সহযোগিতার বিষয়ে তিনি ইতালির সহায়তায় বাংলাদেশ কোস্ট গার্ড কর্মকর্তাদের সার্চ অ্যান্ড রেসকিউ, জাহাজে তল্লাশি ও জব্দ কার্যক্রম, ড্রোন পরিচালনা এবং সমুদ্রসীমা পর্যবেক্ষণসংক্রান্ত তথ্য বিশ্লেষণে বিশেষায়িত প্রশিক্ষণের আহ্বান জানান।
জবাবে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট বাংলাদেশ কোস্ট গার্ডের পেশাদারিত্বের প্রশংসা করেন। তিনি সমুদ্র পর্যবেক্ষণ প্রযুক্তি, সার্চ অ্যান্ড রেসকিউ, মহাকাশ ও আকাশ প্রযুক্তি এবং জলদস্যুতা দমনে ইতালির অভিজ্ঞতা কাজে লাগিয়ে কারিগরি সহায়তার আশ্বাস দেন। পাশাপাশি দুই দেশের মধ্যে নিয়মিত যৌথ মহড়া, সেমিনার ও পেশাগত বিনিময় কর্মসূচি আয়োজনের বিষয়ে একমত হন উভয় পক্ষ।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালকসহ দুই দেশের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




