গোপালগঞ্জের কাশিয়ানী ও মুকসুদপুর স্টেশনের যাত্রীদের জন্য আসছে দুঃসংবাদ। রেলওয়ের নতুন পরিকল্পনা বাস্তবায়িত হলে এ দুই স্টেশন দিয়ে চলাচল করা দুটি আন্তঃনগর ট্রেনের সরাসরি সেবা বন্ধ হয়ে যাবে।
জাহানাবাদ এক্সপ্রেস ও রূপসী বাংলা এক্সপ্রেসের পরিবর্তে খুলনা থেকে পোড়াদহ, রাজবাড়ী হয়ে ঢাকা রুটে নতুন এক জোড়া ট্রেন চালুর প্রস্তাব করেছে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল। বুধবার (২৫ নভেম্বর) পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্টের কার্যালয় থেকে এ বিষয়ে রেলওয়ের মহাপরিচালকের কাছে চিঠি পাঠানো হয়েছে।
প্রস্তাবে বলা হয়েছে, গত ১৯ নভেম্বর থেকে জাহানাবাদ এক্সপ্রেস ও রূপসী বাংলা এক্সপ্রেসের চলাচল প্রতিদিন বাতিল করতে হচ্ছে। এতে যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়ার কার্যক্রম বেড়েছে। পাশাপাশি যাত্রীসেবায় ভোগান্তি এবং ট্রেন পরিচালনায় নানা জটিলতা তৈরি হচ্ছে।
এ পরিস্থিতি মোকাবিলায় ট্রেন দুটির রেক ব্যবহার করে ‘জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস’ নামে নতুন এক জোড়া ট্রেন চালানোর পরিকল্পনা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পুরোনো ট্রেন দুটির চলাচল স্থগিত রেখে বিকল্প ব্যবস্থাটি কার্যকর করার সুপারিশ করা হয়েছে।
প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী, ২০০০৩ নম্বর ট্রেনটি সকাল ৮টায় খুলনা থেকে ছেড়ে বিকেল ৩টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। ফিরতি পথে ২০০০৪ নম্বর ট্রেন বিকেল ৪টা ১০ মিনিটে ঢাকা ছাড়বে এবং রাত ১১টা ৩৫ মিনিটে খুলনায় পৌঁছাবে।
নতুন রুটে ট্রেন দুটি দৌলতপুর, নওয়াপাড়া, যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর, দর্শনা হল্ট, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পোড়াদহ, কুষ্টিয়া কোর্ট, কুমারখালী, পাংশা, রাজবাড়ী, ফরিদপুর ও ভাঙ্গা স্টেশনে থামবে।
তবে এই পরিকল্পনা বাস্তবায়িত হলে গোপালগঞ্জের কাশিয়ানী ও মুকসুদপুর স্টেশনের যাত্রীরা জাহানাবাদ ও রূপসী বাংলা এক্সপ্রেসের সরাসরি সেবা হারাবেন। এতে ওই অঞ্চলের যাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে নতুন করে বিকল্প ব্যবস্থা খুঁজতে হতে পারে।
রেলওয়ের প্রস্তাবে আরও বলা হয়েছে, নতুন ট্রেন দুটির টিকিট যাত্রার তিন দিন আগে থেকে বিক্রির ব্যবস্থা রাখা যেতে পারে। তবে প্রস্তাবটি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়; মহাপরিচালকের অনুমোদনের পরই পরবর্তী কার্যক্রম নির্ধারিত হবে।