দেশে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে ব্যক্তিগত বাসভবন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও শিল্পকারখানায় সৌর প্যানেল স্থাপনে সহযোগিতা দেবে সরকার। এ লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই করে উপযুক্ত ভবনগুলোকে সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
বুধবার (৪ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬’-এর এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহদী আমিন জানান, আগামী ছয় মাসের মধ্যে উপযুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছাদ ও অব্যবহৃত জায়গা চিহ্নিত করে সেখানে সৌর প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। এ ছাড়া দেশের ৫০টির বেশি সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৩০টিরও অধিক প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ চালুর পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, সৌরবিদ্যুতের প্রসারে বেসরকারি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ জন্য অর্থায়নের সুযোগ তৈরির পাশাপাশি দেশে সৌর প্যানেল উৎপাদন ও সংশ্লিষ্ট শিল্পের বিকাশেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘদিনের সৌরবিদ্যুৎ ব্যবহারের পরিকল্পনা এখন রাষ্ট্রীয় উদ্যোগে রূপ পাচ্ছে উল্লেখ করে মাহদী আমিন বাসাবাড়ি, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও কলকারখানায় সৌরশক্তি ব্যবহারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
সেমিনারে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিদ্যুৎ খাতের প্রতিনিধি এবং উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




