দেশের কিশোর-কিশোরীদের ক্রীড়াপ্রতিভা খুঁজে বের করার লক্ষ্যে আগামীকাল ৫ নভেম্বর শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’-এর দ্বিতীয় আসর। খুলনা জেলা স্টেডিয়াম থেকে দেশব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন হবে। এবারের আসরে অংশ নিতে অনলাইনে নিবন্ধন করেছে ১৬ লাখ ২৩ হাজারের বেশি খুদে খেলোয়াড়।
প্রতিযোগিতা উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, নতুন কুঁড়ি স্পোর্টস কেবল প্রতিযোগিতা নয়, তৃণমূল পর্যায়ের প্রতিভা অন্বেষণ এবং ভবিষ্যতের ক্রীড়া নেতৃত্ব তৈরির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এর মধ্য দিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা প্রতিভাবান শিশু-কিশোরদের সামনে নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ তৈরি হবে।
এবার প্রতিযোগীদের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১০ থেকে ১৪ বছর। নতুন করে ভলিবল ও টেবিল টেনিস যুক্ত হওয়ায় খেলার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০টিতে। গত ১ জুলাই থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত নিবন্ধন কার্যক্রমে বিপুলসংখ্যক কিশোর-কিশোরীর সাড়া পাওয়া গেছে।
প্রধানমন্ত্রী বলেন, নতুন প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি আত্মবিশ্বাসী, সুশৃঙ্খল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। সরকার খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার পাশাপাশি তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে কাজ করছে। এ জন্য আধুনিক ক্রীড়া অবকাঠামো, উন্নত প্রশিক্ষণ এবং শিক্ষা ও খেলাধুলার সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
বাণীতে তিনি আরও জানান, নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরে ১২ থেকে ১৪ বছর বয়সী ১ লাখ ৬৮ হাজারের বেশি খুদে ক্রীড়াবিদ অংশ নিয়েছিল। গত ২৭ জুলাই ঢাকা আর্মি স্টেডিয়ামে ওই আসরের সমাপ্তি হয়। সেখান থেকে বাছাই করা ৩০৬ জনকে উন্নত প্রশিক্ষণের জন্য বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) পাঠানো হয়েছে। এদের মধ্যে বিশেষ প্রতিভাসম্পন্ন ৪০ জনকে সরাসরি সরকারি পৃষ্ঠপোষকতায় বিকেএসপিতে ভর্তির উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খুদে খেলোয়াড়, অভিভাবক, প্রশিক্ষক ও আয়োজকদের শুভেচ্ছা জানিয়ে দ্বিতীয় আসরের সাফল্য কামনা করেন।