ভারতের চলমান রাজনৈতিক পরিস্থিতিকে দেশটির অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখছে বাংলাদেশ। এ বিষয়ে আপাতত সরকারের কোনো মূল্যায়ন নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে রাজধানীর বিস মিলনায়তনে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস-বিস) আয়োজনে ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্বে দিক নির্ণয়ের পথরেখা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি ছিলেন তিনি।
ভারতে চলমান বিক্ষোভ নিয়ে বাংলাদেশ সরকারের মূল্যায়ন জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, ‘বাংলাদেশের কোনো মূল্যায়ন আপাতত নেই। এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়। এটি ভারত সরকারই দেখবে।’
প্রসঙ্গত, ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলনের ডাক দিয়েছে তরুণদের নেতৃত্বাধীন রাজনৈতিক আন্দোলন ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এই বিক্ষোভে অংশ নিয়েছে দেশটির বিরোধী দলগুলোর জোট ইন্ডিয়া ব্লক, যার নেতৃত্বে রয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস।