বিদেশের মাটিতে কোনো প্রবাসী বাংলাদেশির মৃত্যু হলে তার মরদেহ দেশে ফিরিয়ে আনতে খরচের ৫০ শতাংশ বহনের পরিকল্পনা করছে সরকার। এ উদ্যোগ বাস্তবায়নে মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
বিদেশে কর্মরত বাংলাদেশিদের কল্যাণে নতুন উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। প্রবাসে কোনো বাংলাদেশির মৃত্যু হলে তার মরদেহ দেশে ফিরিয়ে আনার মোট ব্যয়ের অর্ধেক রাষ্ট্রীয়ভাবে বহনের পরিকল্পনা করা হচ্ছে। মন্ত্রিসভায় প্রস্তাবটি অনুমোদিত হলে দ্রুত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ পরিকল্পনার কথা জানান।
মন্ত্রী বলেন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডাসহ ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে কোনো বাংলাদেশির মৃত্যু হলে মরদেহ দেশে আনার খরচের ৫০ শতাংশ সরকার বহন করার উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রস্তাবটি মন্ত্রিসভায় অনুমোদন পেলে দ্রুত তা চূড়ান্ত করা হবে।
বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়মের বিরুদ্ধেও কঠোর অবস্থানের কথা জানান তিনি। বিশেষ করে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে পাঠানোর সময় কোনো কর্মীকে অযোগ্য হওয়া সত্ত্বেও রিক্রুটিং এজেন্সি যোগ্য হিসেবে দেখালে এবং তা প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে এজেন্সির লাইসেন্স বাতিল করা হতে পারে।
প্রবাসীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়েও সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, সরকারি ও বেসরকারি হাসপাতালে প্রবাসীদের চিকিৎসাসেবা দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার নিশ্চিত করতে সরকার কাজ করছে।
সিলেটের জালালাবাদ অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে তিনি সিলেটের পর্যটনকেন্দ্রগুলোকে ঘিরে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির সম্ভাবনা নিয়েও আলোচনা করেন। পাশাপাশি প্রবাসীদের বিভিন্ন আইনি জটিলতা মোকাবিলায় আইনজীবী প্রতিষ্ঠান নিয়োগের মাধ্যমে সহায়তা দেওয়ার পরিকল্পনার কথাও জানান।