অভিনেত্রী শামসুন্নাহার পরীমণির বিরুদ্ধে সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রাজুকে হামলা ও হেনস্তার অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে মাল্টিমিডিয়া রিপোর্টার্স কাউন্সিল। কর্মসূচি থেকে ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিচার এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন গণমাধ্যমের মাল্টিমিডিয়া রিপোর্টার ও সাংবাদিকরা অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন দেশ রূপান্তরের রিপোর্টার ও সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ খোকা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিনিয়র রিপোর্টার আল আমিন এম তাওহীদ। এ ছাড়া সংগঠনের নেতারা ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা বক্তব্য দেন।
মোহাম্মদ খোকা বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের হামলা, হেনস্তা ও ভয়ভীতির শিকার হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সাংবাদিকদের স্বাধীনভাবে কাজের পরিবেশ তৈরি করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট সবার দায়িত্ব। এ ধরনের অভিযোগ উঠলে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে।
আল আমিন এম তাওহীদ বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধ করে সত্য প্রকাশের পথ বন্ধ করা যাবে না। পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। তিনি রাজুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন।
কর্মসূচিতে পরীমণির বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত, সাংবাদিক রাজুর নিরাপত্তা এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানানো হয়।
এ সময় মাল্টিমিডিয়া রিপোর্টার্স কাউন্সিলের সভাপতি মোহাম্মদ আলী আজগর, সাধারণ সম্পাদক জি এম রাশেদ, অর্থ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান শেখসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।




