শেরপুর সদর উপজেলার একটি গ্রাম থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাঁচ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে গাজীরখামার ইউনিয়নের উত্তরকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উত্তরকান্দা গ্রামের আব্বাস আলীর ছেলে মোজাফফর আলী, শিপন মিয়ার ছেলে রমজান মিয়া, সাইফুল ইসলামের ছেলে সাগর ইসলাম, বাচ্চু মিয়ার ছেলে রাকিবুল ইসলাম এবং ফকির মাহমুদের ছেলে আবদুর রহমান।
পুলিশের দাবি, নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতি নিতে আওয়ামী লীগের কয়েকজন কর্মী ওই এলাকায় সমবেত হচ্ছেন—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় সরকারবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে পাঁচজনকে হেফাজতে নেওয়া হয়।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হলে আদালতের মাধ্যমে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়।