সাংবাদিক ও ডিবিসি নিউজের বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)।
সংগঠনের সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ এক বিবৃতিতে এ উদ্বেগ জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, একজন সাংবাদিককে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদের ঘটনায় সাংবাদিক সমাজের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেকোনো পদক্ষেপ প্রচলিত আইন ও যথাযথ আইনি প্রক্রিয়া মেনেই নেওয়া উচিত।
তারা রাজীব ঘোষের বিরুদ্ধে আইনগত কোনো ভিত্তি না থাকলে তাকে দ্রুত মুক্তি দেওয়ার দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন ক্র্যাব নেতারা।




