সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ আজ শনিবার (১০ অক্টোবর) লন্ডন থেকে দেশে আসার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদককে রাজধানীর বনানীতে জানাজা শেষে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানবন্দর থেকে মরদেহ বাসায় নেওয়া হবে। দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে মরদেহ রাখা হবে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য। বিকেল ৩টায় সেখানে জানাজা হবে। পরে বিকেল ৫টায় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হবে। এর আগে ৮ অক্টোবর পূর্ব লন্ডনের ব্রিকলেইন মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে সাবেক সহকর্মী ও বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিরা অংশ নেন।
সেখানে বাবাকে স্মরণ করে ছেলে রাদ শারার খালিদী বলেন, সততা, নির্ভীকতা ও স্বাধীন সাংবাদিকতা ছিল তার বাবার পেশাগত জীবনের মূল আদর্শ। সাংবাদিকতাকে তিনি শুধু পেশা হিসেবে নয়, দায়িত্ব ও ভালোবাসার জায়গা হিসেবে দেখতেন। এই আদর্শ বজায় রাখতে গিয়ে তাকে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে।
বাবার কঠিন সময়ে পাশে থাকা ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রাদ শারার খালিদী তার ভুলত্রুটি ক্ষমা করে ভালো কাজগুলো কবুল করার জন্য সবার কাছে দোয়া চান।
গত ১ অক্টোবর রাতে লন্ডনে অসুস্থ হয়ে পড়লে তৌফিক ইমরোজ খালিদীকে সেন্ট বার্থোলোমিউস হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল। পরদিন ২ অক্টোবর স্থানীয় সময় দুপুর ২টা ২৩ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়। তার মৃত্যুতে সাংবাদিক, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে শোকের সৃষ্টি হয়। আজ ঢাকায় জানাজা ও দাফনের মধ্য দিয়ে তার শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।