সরকারের সাফল্যের পাশাপাশি ব্যর্থতা ও ভুলত্রুটি তুলে ধরাও গণমাধ্যমের গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তার মতে, সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা গ্রহণের মধ্য দিয়েই স্মার্ট রাজনীতি ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব।
সাংবাদিকদের কাজ শুধু সংবাদ প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং রাষ্ট্র ও সমাজের অসংগতি চিহ্নিত করে সঠিক পথ দেখানোও তাদের দায়িত্ব। সরকারের ভুলত্রুটি তুলে ধরে সমালোচনার মাধ্যমে জনস্বার্থ রক্ষায় গণমাধ্যমকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও নগদের যৌথ আয়োজনে ‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, সরকারের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সাংবাদিকদের সঙ্গে রাজনীতিবিদদের নিয়মিত যোগাযোগ থাকা প্রয়োজন। একটি উন্মুক্ত ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা গড়ে তুলতে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে পারস্পরিক আস্থা জরুরি। সাংবাদিকরা সরকারের দুর্বলতা ও ভুল সিদ্ধান্তগুলো সামনে আনবেন। আর দায়িত্বশীল রাজনীতি করতে হলে সেই সমালোচনা থেকে শিক্ষা নেওয়ার মানসিকতা থাকতে হবে।
তিনি বলেন, সাংবাদিকতার বিশ্বাসযোগ্যতা ও নৈতিকতা পুনঃপ্রতিষ্ঠায় এ ধরনের পুরস্কার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। স্বচ্ছতা ও নিরপেক্ষতার ভিত্তিতে যোগ্য সাংবাদিকদের স্বীকৃতি দেওয়া হলে পেশাগত মান উন্নয়নের পাশাপাশি অনুসন্ধানী ও দায়িত্বশীল সাংবাদিকতায় উৎসাহ তৈরি হবে।
নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে আমির খসরু বলেন, ডিআরইউর বিভিন্ন আয়োজনে দীর্ঘদিন ধরে অংশ নেওয়ার সুবাদে সাংবাদিকদের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে। সরকারি-বেসরকারি নানা অনুষ্ঠান ছাড়াও বিভিন্ন আন্দোলন-সংগ্রামের সময় সাংবাদিকদের সঙ্গে তার যোগাযোগ ছিল।
বর্তমান সমাজে নীতি-নৈতিকতা ও মূল্যবোধের অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে অর্থমন্ত্রী বলেন, এই সংকট কেবল গণমাধ্যমে সীমাবদ্ধ নয়। রাজনীতিবিদ, অর্থনীতিবিদ ও ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষের মধ্যেও এর প্রভাব রয়েছে। তবে এখনো অনেক সাংবাদিক সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তারা মানুষের সামনে প্রকৃত তথ্য তুলে ধরে সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
গণমাধ্যমের পরিবর্তিত বাস্তবতা তুলে ধরে তিনি বলেন, সংবাদপত্র, টেলিভিশন ও অনলাইন সংবাদমাধ্যমের পাশাপাশি নাগরিক সাংবাদিকতার বিস্তার ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবও বেড়েছে। ফলে তথ্যের বিপুল প্রবাহের মধ্যে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ মানুষের কাছে পৌঁছে দেওয়া আগের তুলনায় কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে সাংবাদিকদের পেশাগত সততা, নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা আরও বেশি গুরুত্বের সঙ্গে রক্ষা করতে হবে।
অনুষ্ঠানে নগদ পরিচালনা বোর্ডের চেয়ারম্যান কায়সার এ. চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংক নিযুক্ত নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এবারের আয়োজনে সংবাদপত্র ও অনলাইন, টেলিভিশন এবং রেডিও—এই তিন বিভাগে মোট ২২ জন সাংবাদিককে পুরস্কৃত করা হয়।
সংবাদপত্র ও অনলাইন বিভাগে পুরস্কার পেয়েছেন ফয়সাল খান (দৈনিক দেশ রূপান্তর), দিলীপ কুমার শর্মা/রাহুল শর্মা (দৈনিক আজকের পত্রিকা), সাজিদা ইসলাম পারুল (বাংলানিউজ২৪ ডটকম), মোহাম্মদ শাহেদ সিদ্দিকী (দৈনিক যুগান্তর), শাখাওয়াত হোসেন সুমন (ডেইলি সান), মো. তুহিদুজ্জামান তন্ময় (জাগোনিউজ২৪ ডটকম), মিজান চৌধুরী (দৈনিক আগামীর সময়), দীপন নন্দী (দ্য ডেইলি স্টার), মো. জুবায়ের হোসেন (ঢাকাপোস্ট ডটকম), ওয়াসিম বিন হাবিব (দ্য ডেইলি স্টার), নাজনীন আখতার (দৈনিক প্রথম আলো), এফ এম আব্দুর রহমান মাসুম (ঢাকাপোস্ট ডটকম), মোহাম্মদ হেলেমুল আলম (দ্য ডেইলি স্টার), গোলাম মওলা (বাংলা ট্রিবিউন) ও শাহ আলম খান (দৈনিক আজকের পত্রিকা)।
অন্যদিকে টেলিভিশন ও রেডিও বিভাগে পুরস্কার পেয়েছেন কাফায়েত উল্লাহ চৌধুরী (বাংলাভিশন), আলমগীর হোসেন (যমুনা টেলিভিশন), মুফতি পারভেজ নাদির রেজা (চ্যানেল ওয়ান), নয়ন আদিত্য (চ্যানেল ওয়ান), মো. গিয়াস উদ্দিন সজীব (চ্যানেল২৪), রাশেদ নিজাম (যমুনা টেলিভিশন) এবং রেমন রহমান (যমুনা টেলিভিশন)।
পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকদের হাতে সম্মাননা তুলে দেওয়ার মধ্য দিয়ে আয়োজকরা দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে উৎসাহিত করার প্রত্যয় ব্যক্ত করেন।