দেশের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি, রাজনৈতিক সহিংসতা ও অর্থনৈতিক অস্থিরতা নিয়ে বিদেশি অংশীদারদের কাছে নিজেদের অবস্থান তুলে ধরেছে সরকার। একই সঙ্গে বিদেশে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের দেশে ফেরানোর ক্ষেত্রেও কূটনৈতিক সহযোগিতা চাওয়া হয়েছে।
দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দায়ী করেছে সরকার। এসব কর্মকাণ্ডের বিস্তারিত তুলে ধরে ঢাকায় কর্মরত অর্ধশতাধিক বিদেশি কূটনৈতিক মিশনের প্রতিনিধিদের কাছে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সরকারের বক্তব্য তুলে ধরেন। এতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, চীন, জাপান ও রাশিয়াসহ ৫০টির বেশি দেশের কূটনৈতিক প্রতিনিধি এবং জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তারা অংশ নেন।
ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে দেশে সহিংসতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড বেড়েছে। সরকারের অভিযোগ, এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মীরা জড়িত। দলটির কার্যক্রম নিষিদ্ধ এবং নিবন্ধন স্থগিত থাকার পরও বিভিন্ন স্থানে মিছিল, অবরোধ ও হামলার ঘটনা ঘটছে।
হুমায়ুন কবির জানান, ১ থেকে ২১ নভেম্বর পর্যন্ত দেশের ৪১টি প্রশাসনিক এলাকায় ১৫৮টি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এসবের মধ্যে বিস্ফোরণ, পেট্রোল বোমা হামলা, অগ্নিসংযোগ, লুটপাট, ভাঙচুর এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনায় হামলার ঘটনা রয়েছে।
তিনি বিভিন্ন জেলার সহিংসতার বিবরণ দিয়ে বলেন, গোপালগঞ্জ ও মুকসুদপুরে থানা ও পুলিশের যানবাহনে হামলা, অগ্নিসংযোগ এবং অস্ত্র লুটের ঘটনা ঘটেছে। এ ছাড়া রাজনৈতিক নেতাদের বাসভবন, দলীয় কার্যালয় ও গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলার অভিযোগও তুলে ধরা হয়।
প্রতিমন্ত্রীর দেওয়া তথ্যমতে, ৭ থেকে ১৯ নভেম্বরের মধ্যে ৮৩টি পরিবহনযানে আগুন দেওয়া হয়েছে, ৮৭টি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটেছে এবং গ্রামীণ ব্যাংকের ৭২টি শাখা বা কার্যালয়ে হামলা হয়েছে। একই সময়ে পুলিশের চারটি স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় ৩৯টি মামলা এবং ৬৬ জনকে গ্রেপ্তারের তথ্যও কূটনীতিকদের জানানো হয়।
তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষের পেছনেও আওয়ামী লীগের পরিকল্পিত তৎপরতা রয়েছে বলে অভিযোগ করেন হুমায়ুন কবির। তার দাবি, অর্থনীতিকে চাপে ফেলা এবং শ্রমিকদের দুর্ভোগ বাড়ানোর উদ্দেশ্যে এ ধরনের পরিস্থিতি তৈরি করা হচ্ছে।
বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, তাদের একটি অংশ দেশের বাইরেও বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত রয়েছে বলে সরকারের কাছে তথ্য রয়েছে। বিভিন্ন দেশে অস্থিরতা সৃষ্টি ও অর্থ পাচারের অভিযোগও তোলেন তিনি। বিদেশে অবস্থানরত সংশ্লিষ্ট নেতাদের দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন তিনি।
সরকারের অবস্থান ব্যাখ্যা করে হুমায়ুন কবির বলেন, রাজনৈতিক পরিচয় যা-ই হোক, সহিংসতা, অগ্নিসংযোগ, অস্ত্র লুট কিংবা সরকারি সম্পত্তি ধ্বংসের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। আইন অনুযায়ী অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে এ প্রক্রিয়ায় মানবাধিকার, আইনের শাসন ও যথাযথ বিচারিক পদ্ধতি অনুসরণ করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
ব্রিফিংয়ে সরকারের গণতান্ত্রিক উত্তরণ, প্রাতিষ্ঠানিক সংস্কার ও অর্থনৈতিক পুনরুদ্ধারের বিষয়গুলোও তুলে ধরা হয়। বাংলাদেশের স্থিতিশীলতা ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতা চেয়েছে সরকার।
এদিকে এ ধরনের ব্রিফিংয়ের প্রয়োজনীয়তা নিয়ে কয়েকজন বর্তমান ও সাবেক কূটনীতিক প্রশ্ন তুলেছেন। তাদের মতে, দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকারের নিজস্ব প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা রয়েছে। বিশেষ পরিস্থিতি ছাড়া বিদেশি কূটনীতিকদের ডেকে অভ্যন্তরীণ বিষয় ব্যাখ্যা করার প্রবণতা সরকারের অবস্থান সম্পর্কে ভিন্ন বার্তা দিতে পারে।
এক সাবেক কূটনীতিকের মতে, আওয়ামী লীগ সরকারের শেষ সময়েও প্রায় একই ধরনের চর্চা দেখা গিয়েছিল। নির্বাচিত সরকারের ক্ষেত্রে অভ্যন্তরীণ সংকট মোকাবিলায় জনগণের আস্থা ও প্রচলিত আইনি ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। তবে প্রয়োজনীয় ক্ষেত্রে বিদেশি অংশীদারদের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ রাখার সুযোগ রয়েছে।