বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে যোগ্যতা ও স্বচ্ছতা বাড়াতে পরীক্ষা পদ্ধতিতে বড় পরিবর্তনের চিন্তা করছে সরকার। এনটিআরসিএর নিয়োগ পরীক্ষাকে বিসিএসের মানে উন্নীত করার পাশাপাশি তিন ধাপে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব আলোচনায় এসেছে।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের প্রচলিত পদ্ধতি ঢেলে সাজানোর উদ্যোগ নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এর অংশ হিসেবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিয়োগ পরীক্ষাকে বিসিএস পরীক্ষার মানের কাছাকাছি নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। নতুন প্রস্তাবে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা মিলিয়ে মোট ৪০০ নম্বর নির্ধারণের বিষয়টিও বিবেচনায় রয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীতে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) ২১২তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ পরিকল্পনার কথা জানান।
তিনি বলেন, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মেধা, যোগ্যতা ও স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। এ জন্য এনটিআরসিএর নিয়োগ পরীক্ষার মান আরও উন্নত করার চিন্তাভাবনা চলছে। শিক্ষকতা কেবল একটি চাকরি নয়, এটি সামাজিক মর্যাদা ও মানুষের সম্মান অর্জনের ক্ষেত্র।
শিক্ষকদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, একজন শিক্ষকের সবচেয়ে বড় সাফল্য অর্থ কিংবা পদমর্যাদায় নয়, বরং শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলার মধ্যে। কতজন শিক্ষার্থীকে সঠিকভাবে শিক্ষা দিয়ে মানবিক ও যোগ্য নাগরিক হিসেবে তৈরি করা গেল, সেটিই শিক্ষকের প্রধান অর্জন। পাশাপাশি পাঠদানের মাধ্যমে নিজের জ্ঞান ও দক্ষতা কতটা বাড়ানো সম্ভব হলো, সেটিও গুরুত্বপূর্ণ।
শিক্ষা খাতের নানা জটিলতা তুলে ধরে তিনি বলেন, শিক্ষক নিয়োগ, পদায়ন, বদলি ও পদোন্নতির ক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলো সমাধানে সরকার কাজ করছে। বিসিএস ও নন-ক্যাডার শিক্ষকদের মধ্যকার বৈষম্য এবং আত্মীকরণসংক্রান্ত জটিলতা নিরসনের উদ্যোগও নেওয়া হয়েছে।
প্রশিক্ষণ কার্যক্রমের মান নিয়েও অসন্তোষ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। তার মতে, গতানুগতিক পদ্ধতিতে প্রশিক্ষণ পরিচালনা করলে শিক্ষকদের প্রকৃত দক্ষতা বাড়ানো সম্ভব নয়। প্রশিক্ষণে সৃজনশীলতা, প্রযুক্তির ব্যবহার, নতুন ধারণা এবং বিষয়ভিত্তিক জ্ঞান অর্জনের সুযোগ থাকতে হবে। প্রশিক্ষণ থেকে কী শিখেছেন, কী শেখার সুযোগ পাননি এবং কী প্রত্যাশা ছিল, তা লিখিতভাবে জানানোর জন্য অংশগ্রহণকারীদের প্রতি আহ্বান জানান তিনি।
এনটিআরসিএর পরীক্ষা ৪০০ নম্বরে নেওয়ার আলোচনা
এদিকে এনটিআরসিএর মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশপর্যায়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার কাঠামো পরিবর্তনের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আলোচনা হয়েছে। বর্তমানে তিন ধাপে মোট ২৩০ নম্বরের পরীক্ষা নেওয়ার পরিবর্তে নতুন প্রস্তাবে ৪০০ নম্বর নির্ধারণের বিষয়টি উঠে এসেছে।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে এনটিআরসিএর বিধিমালা ও পরিপত্র সংশোধন নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, প্রিলিমিনারি পরীক্ষায় ১০০, লিখিত পরীক্ষায় ২০০ এবং মৌখিক পরীক্ষায় ১০০ নম্বর রাখার চিন্তা করা হচ্ছে।
সভাসংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, এর আগে ২৩০ নম্বরের পরীক্ষাপদ্ধতি নিয়ে আলোচনা করে একটি খসড়া পরিপত্রও তৈরি করা হয়েছিল। তবে সর্বশেষ বৈঠকে নম্বর বণ্টন ও পরীক্ষার কাঠামো নতুন করে বিবেচনার বিষয়টি সামনে আসে। ৪০০ নম্বরের প্রস্তাবটি এখনো আলোচনাধীন। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও একটি সভা অনুষ্ঠিত হবে।
১৮তম নিবন্ধনধারীদের নিয়োগেও উদ্যোগ
অন্যদিকে ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও নিয়োগ সুপারিশ না পাওয়া ৯ হাজার ৮০০-এর বেশি প্রার্থীর জটিলতা নিরসনে উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শিক্ষামন্ত্রী জানান, ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের বিষয়ে প্রয়োজনীয় যাচাই-বাছাই করে দ্রুত মতামত দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় ও এনটিআরসিএ সূত্রে জানা গেছে, নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের আগেই সুপারিশবঞ্চিত প্রার্থীদের বিষয়টি নিষ্পত্তির পরিকল্পনা রয়েছে। বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা চলছে। আগামী ৯ ডিসেম্বর এ পরীক্ষা শেষ হওয়ার কথা। এরপর ১৮তম নিবন্ধনধারীদের নিয়োগ সুপারিশের কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।
মঙ্গলবারের সভায় শিক্ষামন্ত্রী ছাড়াও মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, এনটিআরসিএর চেয়ারম্যান আলিফ রুদাবা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিধিমালা সংশোধনের খসড়া চূড়ান্ত করতে পরবর্তী সময়ে আবারও বৈঠক অনুষ্ঠিত হবে।