চট্টগ্রাম নগরের অক্সিজেন-কুয়াইশ সংযোগ সড়ক এলাকায় অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে ভবন নির্মাণ, সড়কের জন্য নির্ধারিত জায়গা না ছাড়াসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে অভিযান চালিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। অভিযানে চারটি ভবনের মালিককে মোট ৪৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি নির্মাণকাজ বন্ধ রাখতে ১০টি ভবন সিলগালা করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) চউকের অথরাইজড-১-এর আওতাধীন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। সংস্থাটির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) হামীমুন তানজীনের নেতৃত্বে সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা করা হয়। এ সময় চউকের অথরাইজড অফিসার-১ কাজি কাদের নেওয়াজসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযান পরিচালনাকারী দপ্তর সূত্রে জানা গেছে, অক্সিজেন-কুয়াইশ সংযোগ সড়ক এলাকার মোট ১৬টি ভবন পরিদর্শন করেন ভ্রাম্যমাণ আদালত। পরিদর্শনে অনুমোদিত নকশা অনুসরণ না করে ভবন নির্মাণ এবং সড়কের জন্য নির্ধারিত জায়গা ছেড়ে না দেওয়াসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে চারটি ভবনের মালিককে মোট ৪৬ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ ছাড়া নির্মাণকাজ বন্ধ রাখতে ১০টি ভবন সিলগালা করা হয় এবং একটি ভবনের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
চউকের অথরাইজড অফিসার-১ কাজি কাদের নেওয়াজ জানান, নগরে অপরিকল্পিত নগরায়ণ রোধ এবং ইমারত নির্মাণ বিধিমালা কার্যকর করতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কঠোর অবস্থানে রয়েছে। ভবন নির্মাণের ক্ষেত্রে অনুমোদিত নকশা অনুসরণ এবং সড়কের জন্য নির্ধারিত জায়গা ছেড়ে দেওয়ার বিষয়ে মালিকদের সতর্ক করা হয়েছে। নগরে শৃঙ্খলাপূর্ণ নির্মাণকাজ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।