নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত প্রবেশের ক্ষেত্রে পরিচয়পত্র সঙ্গে রাখা বাধ্যতামূলক করা হয়েছে।এ বিষয়ে গত ৬ অক্টোবর একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কেউ জরুরি প্রয়োজনে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রবেশ করলে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার কাছে পরিচয়পত্র দেখতে চাইতে পারবেন।
এ ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অথবা বৈধ সরকারি পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। অর্থাৎ গভীর রাতে আদালত প্রাঙ্গণে প্রবেশের ক্ষেত্রে ব্যক্তির পরিচয় নিশ্চিত করার জন্য নিরাপত্তাকর্মীদের জিজ্ঞাসাবাদ ও পরিচয়পত্র যাচাইয়ের সুযোগ থাকবে।সুপ্রিম কোর্টের মতো গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থাপনার নিরাপত্তা আরও শক্তিশালী করার অংশ হিসেবেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে প্রবেশ নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে রাতের সময় প্রবেশকারীদের পরিচয় নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বিজ্ঞপ্তিতে জরুরি প্রয়োজনে আদালত প্রাঙ্গণে প্রবেশকারীদের প্রয়োজনীয় পরিচয়পত্র সঙ্গে রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। এতে অনাকাঙ্ক্ষিত ব্যক্তি বা সন্দেহজনক কাউকে রাতের বেলায় প্রাঙ্গণে প্রবেশ ঠেকানো এবং নিরাপত্তা ঝুঁকি কমানো সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।




