দেশের বিভিন্ন স্থানে বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ জানিয়েছে ৭১টি নারী, মানবাধিকার ও উন্নয়ন সংগঠনের সমন্বয়ে গঠিত সামাজিক প্রতিরোধ কমিটি। এসব সহিংসতা বন্ধে নাগরিকের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি রাষ্ট্রকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে সংগঠনগুলোর এই প্ল্যাটফরম।
রবিবার (২২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়। বিবৃতিতে পাবনার বেড়া, পটুয়াখালীর কলাপাড়া, চট্টগ্রামের হাটহাজারী এবং নড়াইলের কালিয়াসহ দেশের বিভিন্ন স্থানে বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার উল্লেখ করা হয়েছে।
সামাজিক প্রতিরোধ কমিটির মতে, দেশে চলমান অস্থিরতা, সহিংসতা ও মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা সামগ্রিক স্থিতিশীলতা, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং গণতান্ত্রিক পরিবেশের জন্য বড় উদ্বেগের কারণ। এ পরিস্থিতি মোকাবিলায় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব।
বিবৃতিতে বলা হয়, প্রত্যেক মানুষের জীবন, সম্পদ, মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু এবং সমাজের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষায় বাড়তি সতর্কতা ও কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি।
এ ধরনের হামলা ও অগ্নিসংযোগের পুনরাবৃত্তি ঠেকাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সহিংসতা বন্ধ এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জন্য রাষ্ট্র ও সরকারের প্রতি দাবি জানিয়েছে সামাজিক প্রতিরোধ কমিটি।