সিরাজগঞ্জে মাদকের পৃথক দুটি মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও দুই মাস কারাভোগ করতে হবে।
বুধবার (১৫ অক্টোবর) সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক বেগম লায়লা শারমিন পৃথক শুনানি শেষে এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামসুজ্জোহা শাহান শাহ এ তথ্য জানিয়েছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন ঝালকাঠির নলছিটি উপজেলার বৈশাখিয়া গ্রামের বাচ্চু হাওলাদার (৪২) এবং সিরাজগঞ্জ শহরের মাহমুদপুর মহল্লার আবদুর রাজ্জাক (৩২)।
মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ১১ নভেম্বর র‌্যাব-১২-এর একটি দল সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে একটি কাভার্ড ভ্যান থেকে ৩৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ সময় বাচ্চু হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। পরে মাদক মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। কিছুদিন পর জামিনে মুক্ত হয়ে তিনি আত্মগোপনে চলে যান।
অন্যদিকে, ২০১৯ সালের ২৯ মে সিরাজগঞ্জ বাজার স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ৬৫ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ আবদুর রাজ্জাককে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন। সাক্ষ্যগ্রহণ শেষে আদালত পৃথক দুটি মামলায় এ রায় দেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।