প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগসংক্রান্ত রিট নিষ্পত্তির প্রক্রিয়ায় অনিয়ম ও অসংগতি নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে হাইকোর্টের সাবেক বিচারপতি নাইমা হায়দারকে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগসংক্রান্ত রিট নিষ্পত্তির প্রক্রিয়ায় ওঠা অনিয়মের অভিযোগে হাইকোর্টের সাবেক বিচারপতি নাইমা হায়দারের কাছে ব্যাখ্যা চেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আগামী ৩১ জানুয়ারির মধ্যে তার লিখিত ব্যাখ্যা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দিতে বলা হয়েছে।
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন। একই সঙ্গে সংশ্লিষ্ট দুই আইনজীবীকে আপাতত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে আইন পেশা পরিচালনা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী আদেশের জন্য আগামী ৪ ফেব্রুয়ারি বিষয়টি আপিল বিভাগের দৈনন্দিন কার্যতালিকায় রাখা হয়েছে।
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে ২০২০ সালে একটি রিট আবেদন করা হয়। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি নাইমা হায়দারের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ ২০২৩ সালের ৯ আগস্ট রায় দেন। একই নিয়োগপ্রক্রিয়া নিয়ে পরবর্তী সময়ে আরও কয়েকটি রিট আবেদন করা হয়। সেগুলোর ওপর ২০২৩ ও ২০২৪ সালে বিভিন্ন সময়ে রায় দেন হাইকোর্ট।
পরবর্তী সময়ে ২০২৩ সালের ৯ আগস্ট দেওয়া রায়ের বিরুদ্ধে সরকারপক্ষ আপিল করে। অন্য রায়গুলোর ক্ষেত্রে পৃথকভাবে আপিলের অনুমতি চেয়ে আবেদন করা হয়। এসব আবেদনের শুনানির সময় সংশ্লিষ্ট রিটগুলোর কার্যক্রমে কিছু অসংগতি ও অনিয়মের বিষয় আদালতের নজরে আনে সরকারপক্ষ।
পরে ১৯টি রিট আবেদনের নথিপত্র পর্যালোচনা করে আপিল বিভাগ বিভিন্ন ধরনের অনিয়ম ও অসংগতি দেখতে পান। বিষয়গুলো বিস্তারিতভাবে খতিয়ে দেখতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে কমিটি আপিল বিভাগে প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে ৯টি মামলায় গুরুতর অনিয়ম ও অসংগতি শনাক্তের কথা উল্লেখ করা হয়েছে।
এসব মামলায় শুনানিতে অংশ নেওয়া আইনজীবী ছিলেন মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া ও মো. কামাল হোসেন। তাদের ভূমিকা তদন্তে বাংলাদেশ বার কাউন্সিলকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। আগামী ৩১ জানুয়ারির মধ্যে তদন্তের প্রতিবেদন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দিতে বলা হয়েছে। তদন্তের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দুই আইনজীবী আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে আইন পেশা পরিচালনা করতে পারবেন না।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিচার বিভাগে ব্যাপক পরিবর্তন আসে। তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের ছয় বিচারপতি পদত্যাগ করেন। পরবর্তী সময়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ১২ বিচারপতির বিষয়ে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলে তদন্তের উদ্যোগ নেওয়া হয়। তাদের মধ্যে কয়েকজনকে ছুটিতে পাঠানো হয়। তদন্ত চলাকালে একাধিক বিচারপতি পদত্যাগ করেন। সাবেক বিচারপতি নাইমা হায়দারও তাদের একজন।