বয়লার স্থাপন থেকে শুরু করে নিবন্ধন ও নবায়ন—প্রায় প্রতিটি পর্যায়েই ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়ের বিরুদ্ধে। দপ্তরটির প্রধান প্রকৌশলী মোহাম্মদ আব্দুল মান্নানের বিরুদ্ধে শতকোটি টাকার অবৈধ সম্পদ অর্জনসহ নানা অভিযোগের অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
শিল্প মন্ত্রণালয়ের অধীন প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়ে বয়লার অনুমোদন ও নিবন্ধন ঘিরে দীর্ঘদিন ধরে নানা অনিয়মের অভিযোগ রয়েছে। বয়লার স্থাপনের নকশা অনুমোদন, নির্মাণ পরিদর্শন, নিবন্ধন, নবায়ন এবং অপারেটর সনদ দেওয়ার ক্ষেত্রে অর্থ লেনদেনের অভিযোগ করেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এসব অভিযোগের কেন্দ্রে রয়েছেন কার্যালয়টির প্রধান পরিদর্শক প্রকৌশলী মোহাম্মদ আব্দুল মান্নান। তার বিরুদ্ধে প্রায় ১০০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন, স্বজনপ্রীতি, নিয়োগ বাণিজ্য, প্রশ্ন ফাঁস ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। পাশাপাশি শিল্প মন্ত্রণালয়ও তদন্ত কমিটি গঠন করেছে। তবে এত অভিযোগের পরও তিনি দায়িত্বে বহাল রয়েছেন।
বয়লার কার্যালয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ২০২৫ সালের ১৪ আগস্ট অভিযান চালায় দুদক। ঘুষের বিনিময়ে নিবন্ধন, নির্মাণে অনিয়ম ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ খতিয়ে দেখতে দুদকের একটি দল শিল্প মন্ত্রণালয় এবং মিরপুরে অবস্থিত প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয় পরিদর্শন করে। এ সময় বিভিন্ন নথিপত্র পরীক্ষা করার পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের বক্তব্য নেওয়া হয়। প্রাথমিক পর্যালোচনায় অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানিয়েছিল দুদকের দল।
ব্যবসায়ীদের অভিযোগ, বয়লারের নকশা অনুমোদন ও বিভিন্ন সনদ পেতে সরকারি ফির বাইরেও অতিরিক্ত অর্থ দিতে হতো। ১০০ থেকে ৫০০ কেজি সক্ষমতার ছোট বয়লারের নকশা অনুমোদনের প্রতিটি ফাইলে ১৫ থেকে ২০ হাজার টাকা, নির্মাণ পরিদর্শন ও পরীক্ষণ প্রতিবেদন অনুমোদনে ২০ হাজার টাকা এবং নির্মাণ সনদ পেতে আরও প্রায় ২৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। বড় বয়লারের ক্ষেত্রে অর্থের পরিমাণ আরও বেশি বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।
অভিযোগ রয়েছে, নকশা অনুমোদনের আটটি ধাপে প্রতিটি স্তরে ১০ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত ঘুষ দিতে হতো। মাঠপর্যায়ে পরিদর্শন ও পরীক্ষার সময়ও অতিরিক্ত অর্থ দাবি করা হতো। এমনকি নকশা তৈরি ও অনুমোদনের জন্য প্রধান পরিদর্শকের এক আত্মীয়ের প্রতিষ্ঠানের ওপর নির্ভর করতে বাধ্য করার অভিযোগও উঠেছে।
বয়লার নির্মাণের যন্ত্রাংশ আমদানিকারকদের ডেকে অর্থ দাবি এবং টাকা দিতে অস্বীকৃতি জানালে আমদানি করা যন্ত্রাংশ নিম্নমানের বলে বিক্রিতে প্রতিবন্ধকতা তৈরির অভিযোগ করেছেন কেউ কেউ। এ ছাড়া বয়লার মেরামত, সার্ভিসিং ও পরীক্ষার কাজ নির্দিষ্ট প্রতিষ্ঠান ‘টেকনো কেয়ার’-এর মাধ্যমে করাতে অধীনস্থ কর্মকর্তাদের চাপ দেওয়ার অভিযোগও রয়েছে।
দুদক সূত্রের বরাতে জানা গেছে, ২০২৪-২৬ অর্থবছরে অনুমোদন পাওয়া ১৫৩টি বয়লারের মধ্যে ৭০টির বৈধ কাগজপত্র ছিল না বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে অনুসন্ধান চলছে। নারায়ণগঞ্জের দুটি প্রতিষ্ঠানের বয়লারে একই নির্মাতা নম্বর ব্যবহারের বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে।
বয়লার অপারেটর নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগও উঠেছে। দুদকে দেওয়া অভিযোগে বলা হয়েছে, সম্প্রতি অনুষ্ঠিত পরীক্ষার আগের রাতে ৬৫ জন পরীক্ষার্থীকে প্রশ্ন সরবরাহ করা হয়। এ ছাড়া পরীক্ষা শুরুর পাঁচ ঘণ্টা আগে ২৪৫ জন পরীক্ষার্থীকে ৩০ থেকে ৫০ হাজার টাকার বিনিময়ে পরীক্ষার হলে প্রবেশের সুযোগ দেওয়ার অভিযোগ করা হয়েছে।
প্রধান বয়লার পরিদর্শক আব্দুল মান্নানের বিরুদ্ধে জমা হওয়া অভিযোগে প্রায় ১০০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের তথ্য তুলে ধরা হয়েছে। এর মধ্যে মিরপুর ডিওএইচএস এলাকায় প্রায় চার কোটি টাকায় দুটি ফ্ল্যাট কেনার অভিযোগ রয়েছে। পাশাপাশি গাড়ি, জমি ও বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগের তথ্যও অনুসন্ধান করছে দুদক।
এদিকে গত ২২ নভেম্বর পল্লবীতে প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়ে দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন নাগরিক টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক মিরাজ মিজু ও ক্যামেরাম্যান রাহুল। মিরাজ মিজুর অভিযোগ, উপপ্রধান বয়লার পরিদর্শক প্রকৌশলী মো. ফজলে রাব্বির নেতৃত্বে একদল ব্যক্তি তাদের ওপর হামলা চালায়। এতে তার মাথায় আঘাত লাগে। এ সময় তাদের ক্যামেরা ভাঙচুর, মেমোরি কার্ড ছিনিয়ে নেওয়া এবং কার্যালয়ের সিসিটিভি ফুটেজ মুছে ফেলার অভিযোগও করেন তিনি।
শিল্প মন্ত্রণালয় সূত্র জানায়, প্রধান বয়লার পরিদর্শকের বিরুদ্ধে করা পাঁচটি অভিযোগের মধ্যে দুটি প্রমাণিত হয়েছে। মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
দুদকের উপপরিচালক আহসান কবির পলাশ, যিনি আব্দুল মান্নানের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধান করছেন, জানান, দুর্নীতির অভিযোগের অনুসন্ধান এখনো চলমান রয়েছে।
অন্যদিকে এসব অভিযোগের বিষয়ে প্রধান বয়লার পরিদর্শক আব্দুল মান্নানের বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তিনি মন্তব্য করতে রাজি হননি। একাধিকবার তার মুঠোফোনে কল করা হলেও তিনি ফোন ধরেননি।




