চট্টগ্রামের রাউজানে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি ভাটার চিমনি ও ইট পোড়ানোর চুল্লি (কিলন) গুঁড়িয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে দুটি ইটভাটার মালিককে মোট ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত এ অভিযান চলে।
উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয় যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাহাতুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) লঙ্ঘনের দায়ে এ ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে ডাবুয়া ইউনিয়নের মেলুয়া এলাকার মেসার্স ভাই ভাই ব্রিকসের (বিবিএম) চিমনি ও কিলন ভেঙে দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় পানি ছিটিয়ে ভাটার আগুন নেভানো হয়। এ ভাটার মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। একই ইউনিয়নের কলমপতি এলাকার মেসার্স বাগদাদ ম্যানুফ্যাকচারিং ব্রিকসের (বিএমবি) মালিককে জরিমানা করা হয় ৫০ হাজার টাকা। উভয় জরিমানার অর্থ তাৎক্ষণিক আদায় করা হয়েছে।
এদিকে অভিযানের ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় কয়েকজন ইটভাটা মালিক। তাদের অভিযোগ, রাউজানের সব অবৈধ ইটভাটার বিরুদ্ধে সমানভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। মোহাম্মদ ইব্রাহীম কোম্পানি নামের এক ভাটামালিক দৈনিক ইত্তেফাককে বলেন, প্রতিবার মেলুয়া, কলমপতি ও পূর্ব রাউজান এলাকায় অভিযান হলেও বৃন্দাবন এলাকায় পাহাড়ের পাশে থাকা ১০ থেকে ১২টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে একই ধরনের ব্যবস্থা দেখা যায় না। কোথাও নামমাত্র জরিমানা করা হলেও তাদের ভাটার চিমনি ও কিলন ভেঙে দেওয়া হচ্ছে। তিনি এ ধরনের পদক্ষেপকে বৈষম্যমূলক বলে অভিযোগ করেন।
এ অভিযোগের বিষয়ে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা পরিদর্শক চন্দন বিশ্বাস বলেন, রাউজানে মোট ২৯টি ইটভাটা রয়েছে। উরকিরচর এলাকার একটি অটোব্রিকস ছাড়া বাকি সবগুলোই অবৈধ। পর্যায়ক্রমে প্রতিটি অবৈধ ভাটায় অভিযান চালানো হচ্ছে এবং নিয়মিত মামলা করা হচ্ছে। বৃন্দাবন এলাকার ভাটাগুলোর বিরুদ্ধেও অভিযান পরিচালনা করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রাহাতুল ইসলাম বলেন, দুটি অবৈধ ইটভাটায় অভিযান চালানো হয়েছে। পর্যায়ক্রমে অন্য অবৈধ ভাটাগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। ভাটামালিকদের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, পরিবেশ অধিদপ্তরের প্রসিকিউশনের আওতায় বিভিন্ন সময়ে অভিযান পরিচালিত হয়। সব অভিযান সবার নজরে আসে না বলে ক্ষতিগ্রস্ত মালিকদের কাছে বৈষম্য মনে হতে পারে।
অভিযানে র্যাব-৭, আনসার, রাউজান থানা-পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা সহযোগিতা করেন।