নির্ধারিত সময়ে এজলাসে না বসা, কর্মঘণ্টা শেষ হওয়ার আগেই বিচারিক কার্যক্রম বন্ধ করা এবং অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগের ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। বিচারিক কাজে শৃঙ্খলা ফেরাতে অধস্তন আদালতের বিচারকদের আবারও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
অধস্তন আদালতের অনেক বিচারক নির্ধারিত সময়ে এজলাসে বসছেন না। কেউ কেউ নির্ধারিত কর্মঘণ্টা শেষ হওয়ার আগেই বিচারিক কার্যক্রম বন্ধ করছেন। আবার যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থল ত্যাগের ঘটনাও ঘটছে। এসব অনিয়মের কারণে বিচারপ্রার্থীদের ভোগান্তি বাড়ার পাশাপাশি মামলা নিষ্পত্তির গতিও বাধাগ্রস্ত হচ্ছে। এমন পরিস্থিতিতে বিচারিক কর্মঘণ্টার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে নতুন করে নির্দেশনা দিয়েছে সুপ্রিম কোর্ট।
গত সপ্তাহে জারি করা এক সার্কুলারে অধস্তন আদালতের বিচার বিভাগীয় কর্মকর্তাদের সময়ানুবর্তিতা ও দায়িত্বশীলতার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, দেশের বিভিন্ন জেলার জেলা ও দায়রা জজ, জেলা জজ সমপর্যায়ের কর্মকর্তা, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ও দায়রা জজসহ অনেক বিচারক যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়াই কর্মস্থল ত্যাগ করছেন। সপ্তাহের বিভিন্ন কর্মদিবসে নির্ধারিত সময়ের আগেই একাধিকবার কর্মস্থল ছাড়ার ঘটনাও ঘটছে।
সার্কুলারে আরও উল্লেখ করা হয়, অনেক বিচারক নির্ধারিত সময়ে এজলাসে বিচারিক কার্যক্রম শুরু করছেন না। কোনো কোনো ক্ষেত্রে এজলাসের সময় শেষ হওয়ার আগেই বিচারিক কার্যক্রম সমাপ্ত করা হচ্ছে। এতে বিচারপ্রার্থীদের ন্যায়বিচার পাওয়ার প্রক্রিয়া ব্যাহত হওয়ার পাশাপাশি আদালতের স্বাভাবিক কার্যক্রম ও শৃঙ্খলা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সুপ্রিম কোর্টের নির্দেশনায় বলা হয়েছে, প্রত্যেক বিচারককে কর্মদিবসে যথাসময়ে নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থাকতে হবে। যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কোনো বিচার বিভাগীয় কর্মকর্তা কর্মদিবসে কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। সপ্তাহান্তের ছুটি শেষে পরবর্তী কর্মদিবসে কর্মস্থলে যোগদানের ক্ষেত্রেও বিলম্ব করা যাবে না।
এ ছাড়া নির্ধারিত সময় অনুযায়ী বিচারিক কার্যক্রম শুরু এবং এজলাসের পুরো সময় কাজে লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। যৌক্তিক কারণ ছাড়া নির্ধারিত সময়ের আগে বিচারিক কার্যক্রম শেষ করা যাবে না বলেও সার্কুলারে স্পষ্ট করা হয়েছে।
নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট বিচারকের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলা বা অসদাচরণের অভিযোগে ব্যবস্থা নেওয়া হতে পারে। এ ক্ষেত্রে প্রচলিত বিধিবিধান অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হবে।
সংশ্লিষ্টদের মতে, অধস্তন আদালতের বিচারিক কর্মঘণ্টার যথাযথ ব্যবহার নিশ্চিত করা গেলে মামলা নিষ্পত্তির গতি বাড়ানো সম্ভব। এ জন্য জেলা ও দায়রা জজ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের অধীনস্থ আদালতগুলোর কার্যক্রম নিয়মিত তদারকির ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, এর আগেও বিচারকদের সময়মতো এজলাসে বসা ও নির্ধারিত কর্মঘণ্টা ব্যবহারের বিষয়ে একাধিকবার নির্দেশনা দিয়েছিল সুপ্রিম কোর্ট। তবে কিছুদিন নিয়ম মেনে চলার পর আবারও আগের অবস্থায় ফিরে যাওয়ার অভিযোগ রয়েছে।
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নির্দেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. হেমায়েত উদ্দিন এ সার্কুলার জারি করেন।