মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড চাওয়াই রাষ্ট্রপক্ষের প্রত্যাশা বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেছেন, আইনে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান থাকায় যুক্তিতর্কে সেই সাজাই চাওয়া হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার যুক্তিতর্ক উপস্থাপনের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল জানান, এ মামলায় প্রসিকিউশনের পক্ষে ১৫ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। তাদের জবানবন্দি, মামলার নথিপত্র ও অন্যান্য তথ্য পর্যালোচনা করে আসামির সর্বোচ্চ শাস্তির পক্ষে আদালতে যুক্তি তুলে ধরা হবে।
তিনি বলেন, যুক্তিতর্কের প্রস্তুতির অংশ হিসেবে মামলার সব নথি ও সাক্ষীদের বক্তব্য পর্যালোচনা করা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং বিভিন্ন দেশের বিচারব্যবস্থায় প্রতিষ্ঠিত নজিরও বিশ্লেষণ করা হয়েছে। এসব আইনি দৃষ্টান্ত আদালতে উপস্থাপন করা হবে।
ট্রাইব্যুনালের নিরপেক্ষতা, বিচারিক সক্ষমতা ও বিচারপ্রক্রিয়ার গ্রহণযোগ্যতা নিয়ে ওঠা প্রশ্নের জবাবও আন্তর্জাতিক ও বিভিন্ন দেশের আদালতের সিদ্ধান্তের আলোকে তুলে ধরবেন বলে জানান তিনি। তার বক্তব্যে মূল গুরুত্ব থাকবে আইনি ব্যাখ্যা ও বিচারিক নজিরের ওপর। প্রয়োজন অনুযায়ী সাক্ষীদের বক্তব্য ও ঘটনার পারিপার্শ্বিকতাও উপস্থাপন করা হবে।
অ্যাটর্নি জেনারেল আরও বলেন, আগে প্রসিকিউশনের পক্ষ থেকে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম, গাজী এমএইচ তামিম ও মিজানুল ইসলাম যেসব যুক্তি তুলে ধরেছেন, সেগুলোর পুনরাবৃত্তি না করে তিনি নিজস্ব আইনভিত্তিক বক্তব্য উপস্থাপন করবেন।
২০২৪ সালের ৫ আগস্টের পর পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ মামলার বিচারকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে রুহুল কুদ্দুস কাজল বলেন, গুম ও পরিকল্পিতভাবে সংঘটিত অপরাধের বিচার সম্পন্ন হলে তা দেশের বিচারিক ইতিহাসে নতুন দৃষ্টান্ত তৈরি করবে। শতাধিক গুম-খুনের অভিযোগের এই বিচারপ্রক্রিয়া বিশেষ গুরুত্ব বহন করছে বলেও মন্তব্য করেন তিনি।




