রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি দেওয়ার অভিযোগে করা মামলায় দুই আসামির জামিন শুনানিকে কেন্দ্র করে ঢাকার আদালতে উত্তেজনা ছড়িয়েছে। আইনজীবীদের দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা ও হট্টগোলের একপর্যায়ে এজলাস ছেড়ে খাসকামরায় চলে যান বিচারক। বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৪টা ৩৬ মিনিটের দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিয়াদ হাসানের আদালতে এ ঘটনা ঘটে। শাহবাগ থানায় দায়ের করা মামলাটিতে রাষ্ট্র সংলাপ ফোরামের সভাপতি আল নুর মোহাম্মদ আয়াস ও মারজিয়া খন্দকার রিমির জামিন আবেদনের শুনানি চলছিল।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, শুনানির সময় আসামিপক্ষের আইনজীবী আল মোহসিন তৌহিদের সঙ্গে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ও সহকারী পাবলিক প্রসিকিউটরদের বিরোধ তৈরি হয়। একপর্যায়ে উত্তেজনা বেড়ে গেলে আইনজীবীদের মধ্যে হট্টগোল শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় বিচারক এজলাস ত্যাগ করেন। পরে বিকেল ৪টা ৪৪ মিনিটের দিকে পরিস্থিতি শান্ত হলে বিচারক আবার এজলাসে ফিরে আসেন। এরপর সংক্ষিপ্ত শুনানি শেষে দুই আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের এই ঘটনায় শুনানি চলাকালে আইনজীবীদের মধ্যে শৃঙ্খলা ও আদালতের কার্যক্রম স্বাভাবিক রাখার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।




