বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের আবেদন আহ্বান করা হয়েছে। দেশের ৬৪ জেলার যোগ্য প্রার্থীরা এ নিয়োগে অংশ নিতে পারবেন। অনলাইনে আবেদন শুরু ১৩ অক্টোবর; শেষ সময় ৩০ অক্টোবর ২০২৬ বিকেল ৫টা।
আবেদন করতে হলে প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও অবিবাহিত হতে হবে। এসএসসি বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.৫০ অর্জন করতে হবে। নির্ধারিত বয়স গণনার তারিখ ৩০ অক্টোবর ২০২৬ অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২০ বছর।
শারীরিক যোগ্যতায় পুরুষ প্রার্থীদের সাধারণ ও অন্যান্য কোটায় ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা কোটার পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি নির্ধারণ করা হয়েছে। নারী প্রার্থীদের সাধারণ কোটায় উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা কোটায় ৫ ফুট ২ ইঞ্চি হতে হবে।
বুকের মাপের ক্ষেত্রে মেধা ও ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার পুরুষ প্রার্থীদের স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি থাকতে হবে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের কোটায় এ মাপ যথাক্রমে ৩০ ও ৩১ ইঞ্চি। নারী প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাপের শর্ত নেই। উভয় লিঙ্গের প্রার্থীদের দৃষ্টিশক্তি হতে হবে ৬/৬।
আবেদন করতে হবে টেলিটকের নির্ধারিত অনলাইন নিয়োগ পোর্টালের মাধ্যমে। আবেদন জমা দেওয়ার পর ইউজার আইডি দিয়ে ৭২ ঘণ্টার মধ্যে প্রিপেইড টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত শর্ত ও নির্দেশনা মূল বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।
পুলিশ সদর দপ্তর নিয়োগে মেধা, যোগ্যতা ও স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে। আবেদনপত্রে মিথ্যা বা ভুল তথ্য দেওয়া কিংবা তথ্য গোপন করলে প্রার্থিতা বাতিল হতে পারে। নিয়োগ পাওয়ার পর তথ্য অসত্য প্রমাণিত হলেও নেওয়া হতে পারে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা।