শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। অথচ সিরাজগঞ্জের শত শত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই খেলার মাঠ। এতে নিয়মিত পাঠদান চললেও খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা।
সিরাজগঞ্জের ৫২১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খেলার মাঠ না থাকায় শিক্ষার্থীদের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। বিদ্যালয়গুলোতে পাঠদানের ব্যবস্থা থাকলেও খেলাধুলার পর্যাপ্ত সুযোগ নেই। ফলে শ্রেণিকক্ষের পড়াশোনার বাইরে শিশুদের শারীরিক চর্চা ও বিনোদনের সুযোগ সীমিত হয়ে পড়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের তথ্য অনুযায়ী, সিরাজগঞ্জের নয়টি উপজেলায় মোট সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ১ হাজার ৬৭১টি। এর মধ্যে ৫২১টি বিদ্যালয়ে কোনো খেলার মাঠ নেই। আরও ৩২০টি বিদ্যালয়ে মাঠ থাকলেও নানা কারণে সেগুলো শিক্ষার্থীদের খেলাধুলার উপযোগী নয়।
উপজেলাভিত্তিক হিসাবে, রায়গঞ্জের ১৮৫টি বিদ্যালয়ের মধ্যে ১২০টিতে খেলার মাঠ নেই। সিরাজগঞ্জ সদরের ২৪৬টির মধ্যে ২০টি, বেলকুচির ১৫৪টির মধ্যে পাঁচটি, উল্লাপাড়ার ২৭৮টির মধ্যে ৭৮টি এবং কাজীপুরের ২৩৭টির মধ্যে ১১৪টি বিদ্যালয়ে মাঠের অভাব রয়েছে।
এ ছাড়া চৌহালীর ১২৮টি বিদ্যালয়ের মধ্যে ১৫টি, কামারখন্দের ৮৩টির মধ্যে ১৫টি, তাড়াশের ১৩৬টির মধ্যে ৮২টি এবং শাহজাদপুরের ২২৪টি বিদ্যালয়ের মধ্যে ৭২টিতে খেলার মাঠ নেই।
জানা গেছে, জেলায় প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় ৩ লাখ ৯৫ হাজার ৭৪৯ জন শিক্ষার্থীর জন্য ১ হাজার ১৫০টি বিদ্যালয়ে মাঠ থাকলেও অধিকাংশের আয়তন প্রয়োজনের তুলনায় ছোট। ফলে মাঠ থাকা সত্ত্বেও অনেক শিক্ষার্থী পর্যাপ্ত জায়গা নিয়ে খেলাধুলা করতে পারে না।
সরকারি বিদ্যালয়ের বাইরেও জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর চিত্র খুব একটা ভিন্ন নয়। বেসরকারি সংস্থার পরিচালিত ৩১০টি বিদ্যালয়, ৫২৬টি কিন্ডারগার্টেন এবং উচ্চবিদ্যালয়-সংযুক্ত প্রাথমিক বিদ্যালয়সহ আরও ১২৯টি প্রতিষ্ঠানের অধিকাংশেই খেলার মাঠ নেই।
জেলা শহরের ঐতিহ্যবাহী মোহাম্মদীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখা গেছে, শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত খোলা জায়গা নেই। বিদ্যালয়গুলো অনেকটা পাখির খাঁচার মতো সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে।
মোহাম্মদীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আরিফা খাতুন জানায়, তাদের বিদ্যালয়ে খেলার মাঠ না থাকায় খেলাধুলা করতে পারে না তারা। মাঠ থাকলে নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলারও সুযোগ হতো।
শহরের চক কোবদাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। কিন্তু বিদ্যালয়ে মাঠ না থাকায় শিক্ষার্থীদের সেই সুযোগ দেওয়া যাচ্ছে না। একটি শিক্ষাপ্রতিষ্ঠান শুধু পাঠদানের জায়গা নয়, এটি শিশুদের সার্বিক বিকাশের কেন্দ্র হওয়া উচিত। তাই মাঠের সংকট দূর করতে কার্যকর উদ্যোগ প্রয়োজন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাহাব উদ্দিন বলেন, শিশুদের মানসিক বিকাশ ও সুশৃঙ্খল জীবন গঠনে খেলাধুলার গুরুত্ব অনেক। যেসব বিদ্যালয়ে মাঠ নেই, সেখানে বিকল্প হিসেবে ইনডোর খেলাধুলার ব্যবস্থা করা হয়েছে। আর যেসব প্রতিষ্ঠানে মাঠ তৈরির সুযোগ রয়েছে, সেগুলোতে খেলার মাঠ নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।




