ঢাকা থেকে যশোর হয়ে ভারতে স্বর্ণ পাচারের পরিকল্পনা ভেস্তে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে প্রায় পৌনে দুই কেজি স্বর্ণের বারসহ তিনজনকে আটক করা হয়েছে।
যশোরে অভিযান চালিয়ে ১৫টি স্বর্ণের বারসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ১ কেজি ৭৮০ গ্রাম। এ ছাড়া পাচারকাজে ব্যবহৃত একটি ব্যক্তিগত গাড়ি, রুপা, মুঠোফোন, হাতঘড়ি ও নগদ টাকা জব্দ করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৪টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের ঝুমঝুমপুর এলাকায় ৪৯ বিজিবি ব্যাটালিয়নের প্রধান ফটকের সামনে এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়ালি গ্রামের আনোয়ার আলীর ছেলে হাবিবুর রহমান (২৫), কেড়াগাছি গ্রামের আবুল কালামের ছেলে সুমন হোসেন (২৩) এবং সুলতানপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে হেদায়রু রহমান (৩৮)।
শুক্রবার দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ আভিযানিক দল মহাসড়কে অবস্থান নেয়। পরে সন্দেহভাজন একটি ব্যক্তিগত গাড়ি আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তিন ব্যক্তির শরীরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৫টি স্বর্ণের বার পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, স্বর্ণের বারগুলো ঢাকা থেকে নিয়ে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের পরিকল্পনা ছিল তাদের।
বিজিবি জানায়, উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য ৩ কোটি ৫৬ লাখ টাকা। এ ছাড়া ২৩ গ্রাম রুপা, যার মূল্য প্রায় ৭ হাজার টাকা, ৩২ লাখ টাকা মূল্যের একটি ব্যক্তিগত গাড়ি, ৪৮ হাজার টাকা মূল্যের চারটি মুঠোফোন, তিন হাজার টাকা মূল্যের দুটি হাতঘড়ি এবং নগদ তিন হাজার টাকা জব্দ করা হয়েছে।
আটক তিনজনের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাদের জব্দ করা মালামালসহ যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।




