ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিট ও এক্সিট পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন আট বাংলাদেশি নাগরিক। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে পশ্চিমবঙ্গের হরিদাসপুর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয়। পরে বেনাপোল স্থলবন্দর চেকপোস্টে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিকতা শেষে তাদের গ্রহণ করা হয়।
প্রত্যাবাসিত আটজনের মধ্যে সাতজনের জন্য কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশন থেকে গত ৯ নভেম্বর ট্রাভেল পারমিট ইস্যু করা হয়েছিল। এর ভিত্তিতে কলকাতার এফআরআরও দপ্তর ১৬ নভেম্বর তাদের দেশে ফেরানোর আদেশ দেয়।
অন্যদিকে, সাতক্ষীরার জাহাঙ্গীর বিশ্বাসের জন্য চেন্নাইয়ে অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশন গত ২৮ আগস্ট ট্রাভেল পারমিট ইস্যু করে। পরে তিরুচিরাপল্লী আরবান এলাকার এফআরআরও দপ্তর ২৩ নভেম্বর তার অনুকূলে এক্সিট পারমিট জারি করে।
ফেরত আসা ব্যক্তিরা হলেন ফরিদপুরের এস এম রাসেল, চট্টগ্রামের রতন দাস, কুমিল্লার হাবিবুর রহমান ওরফে হাবিব মিয়া, নড়াইলের আপন বিশ্বাস, যশোরের আবির সরদার, বরগুনার সামিম খান ওরফে কায়ুম, পঞ্চগড়ের তমিজ উদ্দিন এবং সাতক্ষীরার জাহাঙ্গীর বিশ্বাস।
হস্তান্তরের সময় ভারতের পক্ষে হরিদাসপুর ইমিগ্রেশন কর্মকর্তা, বিএসএফের কোম্পানি কমান্ডার ও স্পেশাল ব্রাঞ্চের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জাহাঙ্গীর বিশ্বাসের প্রত্যাবাসনের ক্ষেত্রে তামিলনাড়ু পুলিশের প্রতিনিধিও অংশ নেন। বাংলাদেশের পক্ষে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা এবং বিজিবির ৪৯ ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি কোম্পানি কমান্ডার তাদের গ্রহণ করেন।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুর রহমান খান জানান, দুই দেশের আনুষ্ঠানিক হস্তান্তর প্রক্রিয়া শেষে আটজনকে গ্রহণ করা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্রের কাজ সম্পন্ন করে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য তাদের বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বেনাপোল পোর্ট থানার ওসি কাজী বাবুল হোসেন জানান, থানার আনুষ্ঠানিকতা শেষে ফেরত আসা ব্যক্তিদের নিজ নিজ এলাকায় পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে জাস্টিস অ্যান্ড কেয়ার নামের একটি বেসরকারি সংস্থা।
সংস্থাটির ভলান্টিয়ার শফিকুল ইসলাম জানান, বিভিন্ন সময়ে সীমান্তপথে ভারতে গিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক হয়েছিলেন এসব বাংলাদেশি। পরে দেশটির বিভিন্ন কারাগারে সাজাভোগ শেষে দুই দেশের সংশ্লিষ্ট সংস্থার যোগাযোগ এবং স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফিরেছেন। ইতোমধ্যে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। দ্রুতই তাদের স্বজনদের কাছে পৌঁছে দেওয়া হবে।




