সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পরিবেশবিধি অমান্য করে ইট উৎপাদনের অভিযোগে একটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে প্রশাসন। অভিযানে মালিককে এক লাখ টাকা জরিমানা করার পাশাপাশি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ভাটার চিমনি।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ইটভাটাটির চিমনি সম্পূর্ণ ভেঙে ফেলা হয়েছে।
বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার চড়িয়া শিকার দক্ষিণপাড়া এলাকায় অবস্থিত মেসার্স সুফিয়া ব্রিকসে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুল ইসলাম। এ সময় প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তুহিন আলম।
অভিযান চলাকালে জেলা আনসার সদস্য ও সংশ্লিষ্ট থানা পুলিশের একটি দল আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে।
পরিবেশ অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তুহিন আলম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।