দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত তথ্যে এ তথ্য জানানো হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব এটি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২৪৯ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৪৪ জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মৃত সাতজনের মধ্যে ঢাকা বিভাগের চারজন। এ ছাড়া চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৪ জনের হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হাম শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৬৯৫ জনে।
একই সময়ে নতুন করে ১ হাজার ২৫১ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহভাজন রোগীর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২৬ হাজার ৩৫৭ জনে।



