দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক অবস্থায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৭০ জন। শুক্রবার (২০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির হিসাব অনুযায়ী, গত এক দিনে হাম উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ১৮৫ জন। আর নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়েছেন ৮৫ জন। গত ১৫ মার্চ থেকে ২০ নভেম্বর পর্যন্ত উপসর্গসহ মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৪ হাজার ৫৯৩ জন। এ সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২৫ হাজার ৯৯৬ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ২৭ হাজার ৬৭৫ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ১৮ হাজার ৯১০ জন।
মৃত্যুর পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে উপসর্গজনিত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৩৬ জনে। অন্যদিকে, গত এক দিনে নিশ্চিত হামে কোনো মৃত্যু না হলেও ১৫ মার্চ থেকে এ পর্যন্ত এ রোগে প্রাণ হারিয়েছেন ১০৫ জন।



