অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ও অনিয়ন্ত্রিত ব্যবহারে দেশে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) বাড়ছে উদ্বেগজনক হারে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, গুরুতর সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত শক্তিশালী অ্যান্টিবায়োটিকও অনেক জীবাণুর বিরুদ্ধে কার্যকারিতা হারাচ্ছে। বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) নতুন এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে এ চিত্র। বিশেষ করে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রোগীদের ক্ষেত্রে পরিস্থিতি আরও উদ্বেগজনক।
অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে বুধবার (১৮ নভেম্বর) বিএমইউতে অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাওয়ারনেস উইক-২০২৬ উপলক্ষে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে চিকিৎসক, শিক্ষক ও গবেষকেরা অংশ নেন।
বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের সামনে থেকে র‌্যালিটি বের হয়। এবারের প্রতিপাদ্য ছিল ‘ওয়ান হেলথ, ওয়ান অ্যাকশন: প্রিভেন্ট এএমআর নাও’।
র‌্যালির উদ্বোধন করেন বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। তিনি বলেন, চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধ করতে হবে। অনিয়ন্ত্রিত ব্যবহারের কারণে জীবাণু ওষুধ প্রতিরোধী হয়ে উঠছে। ফলে রোগীর চিকিৎসায় অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হলেও অনেক ক্ষেত্রে তা আর কাজ করছে না। এ পরিস্থিতি থেকে উত্তরণে জনসচেতনতা বাড়ানোর বিকল্প নেই।
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার বলেন, অ্যান্টিবায়োটিক ব্যবহারের নির্দিষ্ট মাত্রা ও সময়সীমা রয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্ধারিত সময় পর্যন্ত ওষুধ সেবন করতে হবে। বিশেষ ক্ষেত্রে কিছু অ্যান্টিবায়োটিক ব্যবহারে ঝুঁকি থাকায় সতর্কতা জরুরি। তিনি ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধের ওপর গুরুত্ব দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আবু নাসের ইবনে সাত্তার। তিনি বলেন, অ্যান্টিবায়োটিকের অপব্যবহার ও অসচেতন ব্যবহারের কারণে জীবাণু ক্রমেই ওষুধ প্রতিরোধী হয়ে উঠছে। এতে সংক্রমণের চিকিৎসা জটিল হয়ে পড়ছে এবং প্রচলিত ওষুধের কার্যকারিতা কমে যাচ্ছে।
প্রতিবেদনে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য
বিএমইউর মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি বিভাগের প্রকাশিত ‘অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স রিপোর্ট: ২০২৫-২০২৬’-এ দেশে ওষুধ প্রতিরোধী জীবাণুর বিস্তারের চিত্র তুলে ধরা হয়েছে। ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগ ও অন্তর্বিভাগের রোগীদের নমুনা পরীক্ষার ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এক বছরে ৫০ হাজার ৮৪৪টি ক্লিনিক্যাল নমুনা পরীক্ষা করে ১৩ হাজার ২৫১টিতে ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া গেছে। পরীক্ষিত নমুনার মধ্যে প্রস্রাব, রক্ত, ক্ষত ও কফের নমুনা উল্লেখযোগ্য।
সবচেয়ে উদ্বেগজনক তথ্য পাওয়া গেছে কার্বাপেনেম গোত্রের শক্তিশালী অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা নিয়ে। ছয়টি প্রধান গ্রাম-নেগেটিভ ব্যাকটেরিয়ার ১০ হাজার ৫৩৬টি নমুনা বিশ্লেষণে ৩৬ দশমিক ২ শতাংশে মেরোপেনেম প্রতিরোধী জীবাণু শনাক্ত হয়েছে। আগের বছর এ হার ছিল ২৮ দশমিক ২ শতাংশ।
জীবাণুভেদে প্রতিরোধের হারও বেড়েছে। ক্লেবসিয়েলার ক্ষেত্রে কার্বাপেনেম প্রতিরোধ ২৭ দশমিক ৬ শতাংশ থেকে বেড়ে ৪০ শতাংশে এবং ই-কোলাইয়ের ক্ষেত্রে ১৪ শতাংশ থেকে বেড়ে ২০ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে। এ ছাড়া অ্যাসিনেটোব্যাক্টরের ৫৭ দশমিক ৫ শতাংশ এবং সিউডোমোনাসের ৫২ দশমিক ১ শতাংশ নমুনায় এ ধরনের প্রতিরোধ পাওয়া গেছে।
আইসিইউ রোগীদের ক্ষেত্রে পরিস্থিতি আরও জটিল। তাদের শ্বাসনালি থেকে সংগৃহীত নমুনায় ক্লেবসিয়েলা ও অ্যাসিনেটোব্যাক্টরের অ্যান্টিবায়োটিক প্রতিরোধের হার ৯৫ শতাংশ ছাড়িয়েছে। রক্তের সংক্রমণেও মেরোপেনেমের কার্যকারিতা কমে যাওয়ার প্রমাণ পাওয়া গেছে।
মূত্রনালির সংক্রমণে বহুল ব্যবহৃত ওষুধগুলোর কার্যকারিতাও কমছে। প্রস্রাবের নমুনায় শনাক্ত ই-কোলাই ব্যাকটেরিয়ার ৮২ দশমিক ৮ শতাংশ অ্যামোক্সিসিলিন, ৭৫ দশমিক ৫ শতাংশ সিপ্রোফ্লক্সাসিন এবং ৬২ দশমিক ২ শতাংশ সেফট্রিয়াক্সোনের বিরুদ্ধে প্রতিরোধী। এ ছাড়া নাইট্রোফিউরানটইনের ক্ষেত্রে প্রতিরোধের হার এক বছরে ৩৩ দশমিক ৩ শতাংশ থেকে বেড়ে ৫০ দশমিক ১ শতাংশ হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, মেথিসিলিন-প্রতিরোধী স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস বা এমআরএসএর হারও বাড়ছে। ২০২২-২৩ সালে এ হার ছিল ৯ দশমিক ৭ শতাংশ, ২০২৪-২৫ সালে ১৯ দশমিক ২ শতাংশ এবং সর্বশেষ প্রতিবেদনে তা বেড়ে ২৬ দশমিক ৩ শতাংশে পৌঁছেছে।
টাইফয়েডের জীবাণুর ক্ষেত্রেও ওষুধ প্রতিরোধের প্রবণতা দেখা গেছে। রক্ত থেকে পাওয়া ১৪১টি টাইফয়েড জীবাণুর প্রায় অর্ধেক সিপ্রোফ্লক্সাসিন প্রতিরোধী। আগের বছর এ হার ছিল ৪০ দশমিক ৩ শতাংশ।
অপব্যবহারই প্রতিরোধ বাড়ার অন্যতম কারণ
প্রতিবেদনে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সকে নীরব মহামারি হিসেবে উল্লেখ করা হয়েছে। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন, নির্ধারিত মাত্রা ও সময় অনুসরণ না করা, রোগ নির্ণয় ছাড়াই অ্যান্টিবায়োটিক ব্যবহার এবং অপ্রয়োজনীয় শক্তিশালী ওষুধ প্রয়োগকে এর প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এ ধরনের প্রতিরোধী জীবাণুর কারণে নিউমোনিয়া, সেপসিসসহ বিভিন্ন সংক্রমণের চিকিৎসা কঠিন হয়ে পড়ছে। রোগীর হাসপাতালে থাকার সময় বাড়ছে, চিকিৎসার ব্যয় বাড়ছে এবং জটিল ক্ষেত্রে মৃত্যুঝুঁকিও তৈরি হচ্ছে। পাশাপাশি ক্যানসারের কেমোথেরাপি, অঙ্গ প্রতিস্থাপন ও বড় অস্ত্রোপচারের মতো চিকিৎসাও ঝুঁকির মুখে পড়তে পারে।
পরিস্থিতি মোকাবিলায় প্রতিবেদনে অ্যান্টিবায়োটিক ব্যবহারে হাসপাতালভিত্তিক নীতিমালা, নিয়মিত নজরদারি, সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার এবং পরীক্ষাগারের সক্ষমতা বাড়ানোর সুপারিশ করা হয়েছে। পাশাপাশি আইসিইউতে কার্বাপেনেমের ব্যবহার নিয়ন্ত্রণ, মানুষ ও প্রাণীর চিকিৎসায় দায়িত্বশীল অ্যান্টিবায়োটিক প্রয়োগ এবং জাতীয় পর্যায়ে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রতিবেদনটি প্রণয়ন ও সংকলনে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আবু নাসের ইবনে সাত্তার, সহযোগী অধ্যাপক ডা. সানজিদা খন্দকার সেতুসহ বিভাগের শিক্ষক ও এমডি রেসিডেন্ট চিকিৎসকেরা যুক্ত ছিলেন।
অনুষ্ঠানে বিএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. সাখাওয়াত হোসেন সায়ন্থ, সহযোগী অধ্যাপক ডা. শাহেদা আনোয়ার, ডা. ইসমেত নিগার, সহকারী অধ্যাপক ডা. এস এম আলী আহম্মদ, ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. জান্নাতুল ফেরদৌস, সহযোগী অধ্যাপক ডা. ফাতেমা জোহরাসহ শিক্ষক, চিকিৎসক ও রেসিডেন্টরা উপস্থিত ছিলেন।