দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৫৪ জন রোগী। মঙ্গলবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক বুলেটিনে এ তথ্য প্রকাশ করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, নতুন করে ৯ জনের মৃত্যু হওয়ায় চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১৭ জনে। এর মধ্যে অক্টোবরের প্রথম ১২ দিনেই মারা গেছেন ৭১ জন। এ ছাড়া সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন এবং মে মাসে একজনের মৃত্যু হয়েছে। 
জানুয়ারি ও ফেব্রুয়ারিতে মারা গেছেন দুজন করে। বুলেটিনে বলা হয়েছে, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ১ হাজার ৯৫৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩ হাজার ৩৯৬ জনে। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৯৬৫ জন। সব মিলিয়ে চলতি বছরে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯৭ হাজার ২৯৬ জন। বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৮৪৫ জন। এ ছাড়া চট্টগ্রামে ৩১৮, খুলনায় ২৩০, বরিশালে ১৯৬, রাজশাহীতে ১৮৪, ময়মনসিংহে ৯৭ এবং রংপুর বিভাগে ৭১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।